লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
ইউসুফের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যাসহ সাতটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
লক্ষ্মীপুর সদরে যুবলীগ নেতা আলাউদ্দিন হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে দুইটি দেশি এলজিসহ ও ২০টি কার্তুজ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আব্দুল কুদ্দুস মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ জানান।
গ্রেপ্তার মো. ইউসুফ ভূঁইয়া ওরফে ছোট ইউসুফ (২৪) বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের চনু ভূঁইয়া বাড়ির বদিউজ্জামানের ছেলে।
বিকালে নিজ কার্যালয়ে পুলিশ সুপার তারেক বিন রশিদ বলেন, গোপন খবর পেয়ে ভোরে ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বশিকপুর গ্রামে অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশে তৈরি দুটি এলজি এবং কার্তুজ জব্দ করা হয়।
পরে তার দেওয়া তথ্য ভিত্তিতে একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়; যাতে আরও ১৯টি কার্তুজ পাওয়া যায় বলে তিনি জানান।
ইউসুফের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যাসহ সাতটি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আলাউদ্দিনকে (৩৭) গুলি করে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
ঘটনার পরদিন নিহতের ছেলে মেহেদি হাসান আকাশ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত পরিচয় আসামি করে মামলা করেন। সেই মামলায় ইউসুফ তিন নম্বর আসামি।
