রংপুরে ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন
আরেক আসামির বয়স কম হওয়ায় একই মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রংপুরের মিঠাপুকুর উপজেলার নারীকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার পৃথক দুটি মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একই মামলায় আরেক আসামির বয়স কম হওয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার রংপুর নারী-শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোস্তফা কামাল এ রায় ঘোষণা করেন বলে জানান ওই আদালতের পিপি রফিক হাসনাইন।
যাবজ্জীবন পাওয়া দুজন হলেন- পীরগাছা উপজেলার সোম নারায়ণ এলাকার হজরত এবং একইএলাকার মানুন।
রায় ঘোষণার সময় এ দুই আসামি আদালতে হাজির থাকলেও আরেকজন পলাতক আছেন।
মামলার নথির বরাতে পিপি রফিক হাসনাইন বলেন, ২০১৯ সালের ২৩ এপ্রিল রংপুরের মিঠাপকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বাসিন্দা এক নারী ধর্ষণের শিকার হন; পরে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মিঠাপুকুর থানায় পৃথক দুটি মামলা করেন।
