১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে রাস্তা পার হতে গিয়ে বাসের নিচে, স্বামী-স্ত্রীর মৃত্যু

পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2024, 10:17 AM

Updated : 15 Apr 2024, 11:27 AM

গাজীপুরের কালিয়াকৈরে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় প্রাণ গেছে এক দম্পতির।

রোববার মধ্যরাতে কালিয়াকৈর বাইপাস ফ্লাইওভারের নিচে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন– কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. আসিফ মাহমুদ (২৫) এবং তার স্ত্রী তানজিম বকশী (২১) ।

সালনা হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন স্থানীয়দের বরাতে জানান, আসিফ ও তার স্ত্রী রাস্তা পার হওয়ার সময় টাঙ্গাইলগামী ‘মাহী স্পেশাল পরিবহন’ এর একটি বাস তাদের চাপা দেয়।

এলাকাবাসী তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।

নিহতের প্রতিবেশী জুয়েল পালোয়ান সাংবাদিকদের বলেন, “গত বছরের জুলাই মাসে আসিফ ও তানজিমের বিয়ে হয়। তারা এক স্বজনের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কুড়িপাড়ায় গিয়েছিলেন।

“সেখান থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ”

পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই দুজনের লাশ হস্তান্তর করার কথা জানিয়েছেন ওসি শাহাদাত হোসেন।