২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আধা শতক জমি নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 08:13 PM

Updated : 24 Aug 2023, 08:13 PM

আধা শতক জমি নিয়ে বিরোধের জের গাইবান্ধার পলাশবাড়ীতে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন আরও দুই জন।

বৃহস্পতিবার পৌরসভার মহেশপুর গ্রামের ব্র্যাক মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ।

এ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিক চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুল মোত্তালিব মুন্সি (৫০) ওই গ্রামের আনোয়ার আলী মুন্সির ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

আহতরা হলেন- আনোয়ার আলী মুন্সির ছেলে মোবাই মুন্সি (৪০) ও আরিফ মুন্সি (২৮)। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আটকরা হলেন- আব্দুল মান্নান, তার স্ত্রী রাশিদা বেগম, ভাই একরামুল হক ও ছেলে রিশাদ।

স্থানীয়দের বরাতে ওসি আরজু বলেন, “আধা শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুল মোত্তালিবের সঙ্গে একই গ্রামের সৈয়দ আলীর ছেলে আব্দুল মান্নানের বিরোধ চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে বিরোধপূর্ণ জমিতে আব্দুল মান্নান ঘর নির্মাণ করতে যান।

“এ সময় আব্দুল মোত্তালিব ও তার লোকজন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল মান্নান ও তার লোকজন তাদেরকে লাঠিপেটা করেন। লাঠির আঘাতে ঘটনাস্থলে আব্দুল মোত্তালিব মারা যান। আহত হন মোবাই ও আরিফ।”

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় চার জনকে আটকের কথা জানিয়ে ওসি আরজু বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।