রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
এই মামলায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী।
রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ জাকিয়া পারভীন আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলম শেখ (৫০) কালুখালী উপজেলার চাঁদমৃগী গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, ২০১৩ সালের ২৩ মে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সুফিয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন আলম শেখ। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান।
ঘটনার পরদিন নিহতের ভাই আব্দুল হামিদ মণ্ডল বাদী হয়ে তিনজনকে আসামি হত্যা মামলা করেন। এরপর পুলিশ আলম শেখসহ অপর দুই আসামি জিয়াউর রহমান ও সিদ্দিক মোল্লা মধুকে গ্রেপ্তার করে।
আইনজীবী উজির আলী শেখ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বাকি দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
