২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে হোটেলে তরুণীর ঝুলন্ত লাশ

পুলিশ জানায়, আত্মহত্যা নাকি খুন তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

কক্সবাজারে হোটেলে তরুণীর ঝুলন্ত লাশ

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2023, 06:36 PM

Updated : 16 Mar 2023, 06:35 PM

কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সন্ধ্যায় শহরে হোটেল-মোটেল জোনের আল মারওয়া আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদা।

২৬ বছর বয়সী এই তরুণী গোলাপগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা হোটেলের নথি থেকে জানা গেছে। 

হোটেল কর্তৃপক্ষের বরাতে নাজমুল হুদা বলেন, বুধবার এই তরুণী কক্সবাজার বেড়াতে আসেন। তিনি রাতে থাকার জন্য শহরের আল মারওয়া আবাসিক হোটেলে রুম ভাড়া নিতে যান। কিন্তু তিনি একা থাকায় হোটেল কর্তৃপক্ষ তাকে রুম ভাড়া দিতে অনীহা জানায়।

“পরে মোবাইল ফোনে মা পরিচয়ে এক নারীর সঙ্গে হোটেলের দায়িত্বরতদের আলাপ করিয়ে দেন। এরপর তাকে হোটেলটির একটি রুম ভাড়া দেওয়া হয়।” 

পরিদর্শক নাজমুল বলেন, বুধবার সন্ধ্যায় হোটেলের এক পরিচ্ছন্নতাকর্মী ওই রুমটি পরিষ্কার করতে গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ পেয়ে একাধিকবার ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে বিষয়টি হোটেলের সংশ্লিষ্টদের অবহিত করেন। এরপর হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। 

“পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।" 

পুলিশের এই কর্মকর্তা বলেন, এটি আত্মহত্যা নাকি খুন তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।