জয়পুরহাটে গৃহবধূকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী পালাতক
পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে মোসলেম ক্ষিপ্ত হয়ে আয়েশার মাথায় কোদাল দিয়ে কোপ দেয় বলে জানায় পুলিশ।
জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পালাতক রয়েছেন।
শনিবার উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালাই থানার ওসি ওয়াসিম আল বারী।
নিহত ৫৫ বছর বয়সী আয়েশা খাতুন ওই গ্রামের প্রয়াত জয়েল উদ্দিন প্রামাণিকের মেয়ে এবং মোসলেম উদ্দিনের (৬৪) স্ত্রী। মোসলেম একই গ্রামের প্রয়াত হাতেম আলীর ছেলে।
নিহতের পরিবারের বরাতে ওসি ওয়াসিম জানান, শনিবার সকাল থেকে কাদিরপুর গ্রামের উত্তর পাশের মাঠে মোসলেম উদ্দিন নিজ জমির এক কোণায় খাল খনন করছিলেন। পরে স্ত্রী আয়েশাকে মাঠের মধ্যে ডেকে নেন তিনি।
“এ সময় পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে মোসলেম ক্ষিপ্ত হয়ে আয়েশার মাথায় কোদাল দিয়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েশা।”
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের পাঠায়।
এ ঘটনায় নিহতের ছেলে রাশেদুল ইসলাম বাদী হয়ে তার বাবার বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
ঘটনার পর থেকেই মোসলেম পলাতক রয়েছেন জানিয়ে ওসি ওয়াসিম বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
