বিএনপির ১০ দফা সংবিধানের কবর দেওয়ার ষড়যন্ত্র: ইনু
বিএনপির ১০ দফায় অর্থপাচার নিয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা হাস্যকর বলে মন্তব্য করেন ইনু।
বিএনপি ঘোষিত ১০ দফা দাবিকে ‘সংবিধানের কবর দেওয়ার ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
রোববার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “এই ১০ দফা দিয়ে বিএনপি আরেকবার প্রমাণ করল তারা দেশটাকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চায়। অস্বাভাবিক সরকার গঠনের রাজনীতিতেই থেকে গেল তারা।”
গত শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ থেকে সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, অর্থ পাচারকারীদের চিহ্নিত করাসহ ১০ দফা ঘোষণা করেছে বিএনপি।
১০ দফায় অর্থপাচার নিয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা হাস্যকর মন্তব্য করে ইনু বলেন, “তারা ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে অর্থপাচার করেছেন যার একটি অংশ ইতোমধ্যেই দেশে ফেরত এসেছে।”
তিনি আরও বলেন, বিএনপি যাদের আলেম বলছে, তারা কেউই আলেম নন, আলেম হওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। যারা কারাগারে আছেন তারা ধর্ষণকারী, জঙ্গি, সন্ত্রাসী।
এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতা-কর্মীরা ছিলেন।
