মাইক্রোসফটের পর এবার স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব গুগলে
খরচ নিয়ন্ত্রণে আনতে গেল সপ্তাহেই মাইক্রোসফট তাদের ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির পেছনে বেড়েছে ব্যয়। খরচ নিয়ন্ত্রণে আনতে বিশ্বের কয়েকটি দেশে কর্মীদের জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব বাড়িয়েছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।
সার্চ জায়ান্টটির মূল কোম্পানি অ্যালফাবেট বলেছে, গেল বছরের জুনে কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান ও সুইজারল্যান্ডের কিছু সংখ্যক কর্মীর জন্য প্রথম এই স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্যাকেজ চালু করেছিল তারা।
গুগলের সাম্প্রতিকতম এই প্রস্তাব কতজন কর্মী গ্রহণ করেছেন তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি রয়টার্স।
বিবৃতিতে গুগলের একজন মুখপাত্র বলেছেন, “২০২৫ সালে আমাদের কিছু বিভাগ স্বেচ্ছায় চাকরি ছাড়ার একটি কর্মসূচি চালু করেছে, যার আওতায় বিদায়ীদের আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
“এ বছরের জুনে আমরা আমাদের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ কাজগুলোকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কর্মসূচিটি বিশ্বের কয়েকটি দেশে বাড়িয়েছি।”
ওয়াল স্ট্রিটকে উদ্বিগ্ন করে তোলার পাশাপাশি অ্যালফাবেটের শেয়ারের দামে যে মন্দাভাব দেখা গেছে এর মূল কারণ হচ্ছে এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ।
এদিকে, খরচ নিয়ন্ত্রণে আনতে গেল সপ্তাহেই মাইক্রোসফট তাদের ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে।
সাম্প্রতিক প্রান্তিকগুলোতে অ্যালফাবেটের কর্মী সংখ্যা ধারাবাহিকভাবে বাড়লেও কোম্পানিটি তাদের সম্পদ ও মনোযোগ অগ্রাধিকারমূলক খাতগুলোতে কাজে লাগানোর কৌশল নিয়েছে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি বিভাগের কর্মীদের জন্য গেল বছর চালু করা স্বেচ্ছায় চাকরি ছাড়ার কর্মসূচির ধারাবাহিকতায় নতুন এই বৈশ্বিক পদক্ষেপ নেওয়া হল।
কোম্পানির শীর্ষ নির্বাহীরা এই কর্মসূচিকে এমন এক সুযোগ হিসেবে বর্ণনা করেছেন, যেসব কর্মী কোম্পানির কাজের গতি বা বর্তমান দিকনির্দেশনার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারছেন না, তারা এ প্রস্তাব গ্রহণ করতে পারেন।
কোনো একটি বিভাগে কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়ার পরও যদি লক্ষ্যমাত্রা পূরণ না হয় তবে পরবর্তী পদক্ষেপ হিসেবে সরাসরি ছাঁটাই করেছে গুগল।
গুগলের প্রধান আর্থিক কর্মকর্তা আনাত আশকেনাজি প্রান্তিক আর্থিক বিবরণী প্রকাশের সময় বারবার ইঙ্গিত দিয়েছিলেন, এআই ও ক্লাউড কম্পিউটিংই এখন তাদের প্রধান নিয়োগের ক্ষেত্র। সে কারণেই স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব থেকে গুগল ক্লাউড ও গুগলের এআই গবেষণা কোম্পানি ‘ডিপমাইন্ড’-এর কর্মীদের আওতামুক্ত রাখা হয়েছিল।
কোম্পানিটির সাম্প্রতিকতম সম্প্রসারণ কার্যক্রমেও একই ধরনের প্রবণতা বা কৌশল ধরে রাখা হয়েছে।
আরও পড়ুন…
৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
