অবরোধের মধ্যে গাজীপুরে চলন্ত বাসে আগুন
বাসে আগুন দেওয়ার পর যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।
বিএনপির ডাকা অবরোধের মধ্যে গাজীপুরের কাশিমপুরে একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়েছে।
বাসে আগুন দেওয়ার পর যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।
কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঠিকানা পরিবহনের যাত্রীবাহী বাসটি সোমবার সকালে ঢাকার দিকে যাচ্ছিল।
“সকাল ৯টার দিকে কাশিমপুরের জিরানী বাজার এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে পৌঁছালে বাসে আগুন দেওয়া হয়। পেছন দিকের সিট থেকে ধোঁয়া বের হলে চালক বাস থামান। এরপর যাত্রীরা নেমে যায়।“
আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে যাওয়া ছাড়া বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন বলে জানান ওসি।
তিনি বলেন, ‘যাত্রীবেশে বাসে উঠে’ যারা আগুন দিয়েছে তাদের ধরার চেষ্টা করছে পুলিশ।
