হিলি হয়ে কাঁচামরিচ না আসায় ফের দাম বেড়েছে বগুড়ায়
রোববার বগুড়ায় কাঁচা মরিচের দাম ছিল ৪০০ টাকা, সোমবার আমদানির খবরে দাম কমে দাঁড়ায় ২৪০ টাকায়।
হিলি স্থলবন্দর দিয়ে আমদানির খবরে বগুড়ায় কমেছিল কাঁচামরিচের দাম; কিন্তু শেষ পর্যন্ত আমদানি না হওয়ায় স্থানীয় বাজারে ফের বেড়েছে এই নিত্যপণ্যের দাম।
মঙ্গলবার বগুড়ার বড় কাঁচা বাজার ফতেহ আলী ও রাজা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৩৬০ টাকায়।
এর আগে রোববার এসব বাজারে কাঁচা মরিচের দাম ছিল ৪০০ টাকা। সোমবার হিলি বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হবে – এমন খবরে দাম কমে দাঁড়ায় ২৪০ টাকায়।
তবে এই দামে একদিনের বেশি সময় বিক্রি হয়নি কাঁচামরিচ। মঙ্গলবার পর্যন্ত হিলি দিয়ে কোনো কাঁচামরিচ আমদানি না হওয়ায় আবার দাম কেজি প্রতি ১২০ টাকা বেড়ে যায়।
খুচরা বিক্রেতারা বলছেন, মহাজনদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে কাঁচামরিচ। তাই কম দামে বিক্রির কোনো সুযোগ তাদের নেই।
ফতেহ আলী বাজারের দোকানি নরেশ বলেন, “রোববার ৪০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। ভারত থেকে কাঁচামরিচ আসবে – এমন খবরে সোমবার পাইকারি বাজার থেকেই কম দামে মরিচ কিনেছিলাম, তাই কম দামেই বেচতে পেরেছি। কিন্তু মঙ্গলবার পাইকারি বাজারেও দাম চড়া।”
বগুড়া রাজাবাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ জানান, স্থানীয় মহাস্থান হাটেই পাইকারি দাম বেশি ছিল। সে কারণেই খুচরা বাজারেও দাম বেশি।
ভারতীয় কাঁচামরিচ আমদানির খবরেই দাম কীভাবে কমে গেল, আর আমদানি না হওয়ায় কেন আবার দাম বাড়ল, তা জানতে চাওয়া হয় এই ব্যবসায়ী নেতার কাছে।
তবে এ প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সহ-সভাপতি শাহীনুর রেজা শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোমরা ও সোনামসজিদ বন্দর হয়ে দেশে ভারতীয় কাঁচামরিচ ঢুকছে। এসব বন্দর দিয়ে কম দামে আমদানি করা যাচ্ছে। সেই মরিচ উত্তরাঞ্চলে না এলেও দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এবং এতে মরিচের দাম কমেছে। কিন্তু বেশি দাম হওয়ার কারণে হিলি বন্দর মরিচ ঢুকছে না। এ কারণেই হয়ত বগুড়াসহ আশপাশে দাম বেড়েছে।”
বাজার মনিটরিং করা হচ্ছে জানিয়ে বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, “প্রতিনিয়ত বাজারে অভিযান চালানো হচ্ছে, জরিমানাও করা হচ্ছে। আশা করি শিগগিরই বাজার স্বাভাবিক হয়ে যাবে।”
আরো পড়ুন:
