ভারতীয় কাঁচা মরিচের খবরেই বগুড়ায় দাম কমেছে ১৬০ টাকা, মানিকগঞ্জে অর্ধেক
ভারত থেকে কাঁচামরিচ বগুড়ার বাজারে আসার আগেই দাম কমে যাওয়ায় বিস্মিত ক্রেতারাও।
ভারত থেকে আসা কাঁচা মরিচ না পৌঁছালেও আমদানি শুরুর খবরেই বগুড়ায় মরিচের দাম কেজি প্রতি কমেছে ১৬০ টাকা আর মানিকগঞ্জের বিভিন্ন বাজারে তা নেমে এসেছে অর্ধেক দামে।
কয়েকদিন ধরে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার। তারপর রোববার থেকে শুরু হয় ভারত থেকে কাঁচা মরিচ আসা। সেই কাঁচা মরিচ এখনো দেশের সব বাজারে পৌঁছায় নি কিন্তু এর মধ্যেই বেশিরভাগ বাজারেই কাঁচা মরিচের দামে ব্যাপক পতনের খবর পাওয়া গেছে।
বগুড়ায় ১০ ঘণ্টার ব্যবধানেই কাঁচা মরিচের দাম কেজি প্রতি ১৬০ টাকা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার সকাল ৮টায় বগুড়ার বড় দুই কাচা বাজার রাজাবাজার ও ফতেহ আলী বাজার ঘুরে দেখা যায় বিক্রেতারা ২৪০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করছেন।
যেখানে রোববার রাত ১০টায়ও এই দুই বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৪০০ টাকা কেজি দরে।
বগুড়ার বাজারে কাঁচামরিচের দাম কমলেও বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আসেনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বেসরকারি হিলি স্থলবন্দর পানামা হিলি লিং লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন।
ভারত থেকে কাঁচামরিচ বগুড়ার বাজারে না আসতেই দাম কমে যাওয়ায় বিস্মিত ক্রেতারাও।
রহমান নগরের আবু সাঈদ নামের এক ক্রেতা বলেন, “এখনও ভারতীয় কাঁচা মরিচ বগুড়ার বাজারে পৌঁছেনি। তাহলে এক রাতের মধ্যে কেজি প্রতি ১৬০ টাকা কমলো কীভাবে? ”
মরিচের সঙ্কট নয় বরং দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করেন ওই ক্রেতা।
রাজাবাজারের খুচরা ব্যবসায়ী ভজন রায় বলেন, “যখন যে দামে মহাজনের কাছ থেকে কিনি সেই অনুপাতে বিক্রি করি। রোববার বেশি দামে কিনেছিলাম তাই ৪০০ টাকায় বিক্রি করেছি। সোমবার কম দামে কিনেছি তাই ২৪০ টাকা কেজি বিক্রি করছি।”
এদিকে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা শহর বালুর ঘাটের বড় কাঁচাবাজার তহবাজারে সোমবার প্রতি কেজি খুচরায় কাঁচামরিচ বাংলাদেশের মুদ্রায় ১৪০ টাকা এবং পাইকারি ১০০ টাকায় বিক্রি হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন বালুরঘাট শহরের পত্রিকা এজেন্ট মাধব মিত্র।
মানিকগঞ্জে কাঁচা মরিচের ঝাঁজ কমে দাম অর্ধেকে
ভারত থেকে কাঁচা মরিচ আমদানির খবরে মানিকগঞ্জের হরিরামপুরে পাইকারি বাজারে দাম কমে অর্ধেকে নেমেছে।
সোমবার সকালে মানিকগঞ্জ জেলার অন্যতম বড় পাইকারি বাজার ঝিটকা বাজার আড়তে ১৬০-১৯০ টাকা কেজি মরিচ বিক্রি হয়েছে। যদিও গত এক সপ্তাহে পাইকারি ৪৫০-৪৮০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল।
ঝিটকা বাজারের আড়ৎ মোল্লা অ্যান্ড সন্সের আব্দুর রাজ্জাক বলেন, কাঁচা মরিচ নাই, আড়তদাররা কি কিনবে? যারা ১৫০ কেজি মরিচ নিয়ে আসতো আর এখন ৫ কেজি নিয়ে আসে। ১০-১২ ট্রাক মরিচ পাইকারি বিক্রি হত এখন আধা ট্রাকও হয় না।
“তবুও ৪৮০ টাকাও পাইকারি দাম উঠেছিল তবে সোমবার কমে ১৬০-১৯০ টাকায় বিক্রি হয়েছে। তবে খুচরা বাজারে এখনো কেজিতে ৩৬০-৪৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।”
আরেক আড়তদার বাবুল মিয়া বলেন, “মরিচই আসে না আড়তে। তবে আমদানির খবরে মরিচের দাম কমতে শুরু করেছে।”
উপজেলার গোপীনাথপুর এলাকার কৃষক আল আমিন বলেন, “ এবার ৬০ শতাংশ জমিতে মরিচের চাষ করেছি। এ বছর ফলন কম হয়েছে। কয়েক দিনে ১৫-২০ কেজি করে মরিচ বিক্রি করেছি। প্রতিদিন ৫ থেকে ৬ হাজার টাকা করে মরিচ বিক্রি করেছি।
উপজেলার লেছড়াগঞ্জ বাজারের খুচরা কাঁচামাল বিক্রেতা মুকুল বলেন, “৯০-১০০ টাকা পোয়া (২৫০ গ্রাম) বিক্রি করছি। তবে মরিচের দাম আরও কমবে।”
কান্ঠাপাড়া বাজারে কাঁচা মরিচের খুচরা বিক্রেতা সেকেন্দার আলী বলেন, “একদিনেই মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে। ৯০ টাকা করে পোয়া (২৫০ গ্রাম) বিক্রি করেছি।”
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান হিমেল বলেন, দামবৃদ্ধির খবরে আমরা নিয়মিত বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছি। রোববার ও সোমবারও বিভিন্ন বাজারে অভিযান চলছে।
“কিন্তু বাজারগুলোয় এখনো সেভাবে ভারতীয় কাঁচা মরিচ উঠতে দেখা যায়নি। কিছু আসলেও তা খুবই স্বল্প পরিমাণে।”
