ভারত দাম বাড়ানোয় হিলি দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়নি
পশ্চিমবঙ্গের কাটিহার বাজার থেকে বাংলাদেশের জন্য কাঁচা মরিচ আমদানি করা হয়, সেখানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম বেঁধে দেওয়া হয়েছে ২৫০ রুপি।
বাংলাদেশে কাঁচা মরিচের দাম বাড়ায় ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে সরকার। কিন্তু এই সুযোগে ভারতের পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরাও দাম বাড়িয়ে দিয়েছেন।
ফলে অতিরিক্ত দামে সোমবার কাঁচা মরিচ আমদানি করেননি হিলি স্থলবন্দরের কোনো আমদানিকারক।
হিলি আমদানি-রপ্তানি গ্রুপের সহসভাপতি শাহীনুর রেজা শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে কাঁচা মরিচের চাহিদা বাড়ায় ভারতের বিক্রেতারাও দাম অতিরিক্ত বাড়িয়ে দিয়েছেন। ওই দামে কেনা হলে ব্যবসায়ীদের ব্যাপক লোকসান হবে। তাই আমদানির সিদ্ধান্ত আপাতত বাতিল করা হয়েছে।”
তিনি আরও জানান, পশ্চিমবঙ্গের কাটিহার বাজার থেকে বাংলাদেশের জন্য কাঁচা মরিচ আমদানি করা হয়। সেখানে ভারতীয় মুদ্রায় প্রতি কেজি কাঁচা মরিচের দাম বেঁধে দেওয়া হয়েছে ২৫০ রুপি। এখন তো হিলিতেই পাইকারি বাজারে প্রতি কেজি ১৫০-১৭০ টাকায় মরিচ বিক্রি হচ্ছে।
ভারতের ব্যবসায়ীদের সঙ্গে কথা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “যদি তারা দাম কমায় তাহলেই আমাদানি করা হবে। তা নাহলে আমদানি বন্ধই থাকবে।”
খোঁজ নিয়ে জানা যায়, পশ্চিমবঙ্গের বাজারে সোমবার কাঁচামরিচের কেজি ছিল ১৪০ টাকা।
তাহলে বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে কেন এত বেশি দর চাওয়া হচ্ছে তা জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, “কারণ আর কি? সুযোগ পেয়েছে তাই। নিজেদের বাজারে ওরা ইচ্ছা করলেই দাম বাড়াতে পারে না। তাই আমাদের কাছে বেশি চাইছে।”
পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওরের বাসিন্দা দীপক ঘোষ হোয়াটসঅ্যাপে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক সপ্তাহ আগে সেখানে কাঁচামরিচের কেজি ছিল ১২০ টাকা কেজি ছিল। সোমবার কিছুটা বেড়ে ১৪০ টাকায় বিক্রি হয়েছে।
বগুড়া ফতেহ আলী বাজারের ব্যাবসায়ী নরেশ চন্দ্র জানালেন, রোববার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হলেও সোমবার সকাল থেকেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। ভারতীয় কাঁচা মরিচ বাজারে এলে দাম আরও কমে যাবে। আর না এলে আবারও দাম বাড়বে।
হিলি স্থলবন্দর স্টেশনের উপ-কমিশনার বায়োজিদ হোসেন বলেন, “সোমবার কোনো মরিচ ভারত থেকে আসেনি। ব্যাবসায়ীদের তো নানা হিসাব-নিকাশ আছে, লাভ-লোকসানের কথা চিন্তা করেই হয়ত তারা সিদ্ধান্ত নিয়েছেন।”
রোববার বিকেলে পাঁচটি ট্রাকে ৩৪ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসে।
বেনাপোল শুল্ক ভবনের উপ-কমিশনার তানভীর আহমেদ জানিয়েছিলেন, কাস্টমস কর্তৃপক্ষ প্রতিকেজি কাঁচা মরিচ শূন্য দশমিক ৫০ মার্কিন ডলারে শুল্কায়ন করে খালাস দিচ্ছে। বাংলাদেশি টাকায় যার প্রতি কেজির মূল্য পড়ে ৩২ দশমিক ২০ টাকা। এর উপর মোট শুল্ক হার ৫৮ দশমিক ৬০ ভাগ। সরকারি শুল্ক দিয়ে প্রতি কেজির মূল্য দাঁড়াবে ৫২ টাকা।
