নিত্যপণ্য আমদানিতে কয়েকশ বিনিয়োগকারী যুক্ত করা হবে: বাণিজ্যমন্ত্রী
“বিপুল বিনিয়োগের প্রয়োজন হওয়ায় নিত্যপণ্যের আমদানি মুষ্টিমেয় প্রতিষ্ঠানের হাতে সীমাবদ্ধ রয়েছে,” বলেন খন্দকার আব্দুল মুক্তাদির।
নিত্যপণ্যের আমদানিতে বড় কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কমাতে কয়েকশ বিনিয়োগকারীকে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেছেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বেসরকারি বিনিয়োগকারীদের নিয়ে পণ্য আমদানি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এসব পণ্য বাজারমূল্যে বিক্রি করা হবে। বিনিয়োগকারীরা পাবেন মুনাফার অংশ।
রোববার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় এ পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও বাজারে অনিয়ম নিয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি, ভোজ্যতেলসহ কিছু নিত্যপণ্য আমদানিতে বিপুল অর্থের প্রয়োজন হয়। এক জাহাজ পণ্য আমদানি করতেই শতকোটি টাকার বেশি বিনিয়োগ করতে হয়। এ কারণে সাধারণ ব্যবসায়ীদের পক্ষে এসব পণ্য আমদানি করা কঠিন।
তার মতে, বিপুল বিনিয়োগের প্রয়োজন হওয়ায় দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের আমদানি ব্যবসা মুষ্টিমেয় প্রতিষ্ঠানের হাতে সীমাবদ্ধ রয়েছে। এই পরিস্থিতি বদলাতে টিসিবির আওতায় নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার।
পরিকল্পনাটি ব্যাখ্যা করতে চিনির একটি চালান আমদানির উদাহরণ দেন তিনি।
মন্ত্রী বলেন, “ধরা যাক, টিসিবি ২০০ কোটি টাকার চিনি আমদানি করবে। এ জন্য বেসরকারি খাত থেকে ২০০ বা ৪০০ জন বিনিয়োগকারীকে আহ্বান করা হবে। প্রত্যেকে ৫০ লাখ বা এক কোটি টাকা বিনিয়োগ করে ওই চালান আমদানিতে অংশ নিতে পারবেন।”
টিসিবি পণ্য আমদানি করে বাজারমূল্যে বিক্রি করবে। এরপর বিনিয়োগকারীরা তাদের প্রাপ্য মুনাফার অংশ পাবেন।
