রোজায় ১০ পণ্যের আমদানি সহজ করল বাংলাদেশ ব্যাংক
এ সুবিধার ফলে আমদানিকারকরা পণ্য দেশে আসার সর্বোচ্চ ৯০ দিন পর আমদানিমূল্য পরিশোধ করার সুযোগ পাবেন।
আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখতে ১০ ধরনের পণ্য ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম তেল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানির ক্ষেত্রে এ সুবিধা নিতে পারবেন ব্যবসায়ীরা।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি-১) বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। সেখানে সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) আওতায় এসব পণ্য আমদানির সুযোগ দেওয়া হয়েছে।
দেশে বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য অনুমোদিত সব ব্যাংকের (এডি ব্যাংক) প্রধান নির্বাহীদের কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে।
এ সুবিধার ফলে আমদানিকারকদের পণ্য দেশে আসার সঙ্গে সঙ্গে পুরো আমদানিমূল্য পরিশোধ করতে হবে না। সরবরাহকারীর ঋণ বা ক্রেতার ঋণের আওতায় সর্বোচ্চ ৯০ দিন পর আমদানিমূল্য পরিশোধের সুযোগ পাবেন তারা।
আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। এতে আমদানিকারকেরা পণ্য বাজারে বিক্রি করে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক বা সরবরাহকারীর দায় পরিশোধের সুযোগ পাবেন।
বাংলাদেশ ব্যাংক বলছে, রমজানে এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের চাহিদা বাড়ে। এ সময়ে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যেই এ সুবিধা দেওয়া হয়েছে।
এর আগে গত ৮ নভেম্বর রমজান সামনে রেখে এসব পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনায় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিন নির্ধারণের কথা বলা হয়।
পাশাপাশি এসব পণ্য আমদানির এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়।
এলসি বা আমদানি ঋণপত্র খোলার সময় আমদানিকারককে ব্যাংকে যে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ বা জামানত জমা দিতে হয়, তাকে এলসি মার্জিন বলে। এটি সাধারণত এলসির মোট মূল্যের একটি নির্দিষ্ট শতাংশ হয়ে থাকে।
যেমন, মার্জিন ১০০ শতাংশ হলে আমদানিকারককে এলসির সমপরিমাণ অর্থ নগদ জমা দিয়ে ঋণপত্র খুলতে হয়। মার্জিন কম হলে তুলনামূলক কম নগদ অর্থ জমা দিয়েই এলসি খোলা সম্ভব হয়।
