২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এই মুহূর্তে বিএনপির নির্বাচনে আসার কোনো সুযোগ নেই: ইসি আলমগীর

তিনি বলেন, “তারপরেও কেউ যদি নির্বাচনে আসতে চায়, আমাদের পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2023, 06:14 PM

Updated : 07 Dec 2023, 06:14 PM

আইন অনুযায়ী এই মুহূর্তে বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেছেন, “আমাদের যে পর্যন্ত সুযোগ ছিল, সে পর্যন্ত আমরা তাদের (বিএনপি) বলেছি।

“তারপরেও কেউ যদি নির্বাচনে আসতে চায়, আমাদের পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। আমরা যা কিছু করি না কেন, সংবিধানের আলোকেই করতে হবে।”

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে বিদেশিদের চাপ আছে কিনা, এমন প্রশ্নে আলমগীর বলেন, “বিদেশিরা কখনও আমাদের চাপ দেয় না। চাপ দেওয়ার তাদের কোনো রাইটও নাই। কারণ, আমরা স্বাধীন সার্বভৌম দেশ। নির্বাচন কমিশন আবার স্বাধীন সার্বভৌম দেশের সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান।

“তারা আমাদের নির্বাচনি প্রস্তুতি, আইন-কানুন ও নির্বাচনের দায়িত্বে কারা থাকবেন, কিভাবে দায়িত্ব পালন করবেন; আমরা আইন-কানুনে কী কী সংশোধন এনেছি সেসব বিষয় সম্পর্কে জানতে চান। সম্ভবত কোনো মাধ্যমে তারা বুঝতে চেষ্টা করছেন, এসবের মাধ্যমে সুষ্ঠু-সুন্দর নির্বাচন করা সম্ভব হবে কিনা। তবে তারা আমাদের কখনোই কোনো সাজেশন দেন না, ‘আপনারা এটা না করে এটা করেন বা এটা করলে ভালো হবে’।”

জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রশ্নে ইসি আলমগীর বলেন, “এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে অতীতের জাতীয় নির্বাচনগুলোতে যেহেতু সেনাবাহিনী ছিল, প্রয়োজনে এবারও থাকবে।”

নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার কথা অনেকেই বলেছেন জানিয়ে মো. আলমগীর বলেন, “যার হাতে অস্ত্র থাকে তার হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয় না। এ ক্ষমতা যার হাতে দেওয়া হয়, তার হাতে অস্ত্র দেওয়া হয় না।”

নির্বাচন পর্যবেক্ষণের জন্য কানাডা, নেপাল, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশের ৮৩ জন পর্যবেক্ষক ইতোমধ্যে আবেদন করেছেন জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, “এছাড়া ৪৬ জন বিদেশি সাংবাদিকও আবেদন করেছেন।”

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মতিয়ূর রহমান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক শামীম আরা রিনিসহ বিজিবি, র‌্যাব, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ছিলেন।