শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, ভারত না দিলে কিছু করার নেই: টুকু
তার ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতিকে পাসপোর্ট দেওয়ার ‘কোনো কারণ নেই’। তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরতে হবে।
দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যদি ফেরত না দেয়, সরকারের ‘কিছু করার নেই’ বলে মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তার ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতিকে পাসপোর্ট দেওয়ার ‘কোনো কারণ নেই’। তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরতে হবে।
বৃহস্পতিবার রাতে নিজের বাসায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ।
সাক্ষাৎকারে দেশের জ্বালানি, বিদ্যুৎ সংকট এবং সমাধান; এলপিজির বাড়তি দাম, সৌরবিদ্যুৎ পরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেন বিদ্যুৎ মন্ত্রী।
তিনি জানান, সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের জন্য সরকার ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। আগামী মার্চে দরপত্র প্রক্রিয়া শেষ হবে।
সাক্ষাৎকারে সমসাময়িক রাজনীতি, ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণা এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়েও প্রশ্নের উত্তর দেন তিনি। মন্ত্রীর দাবি, আওয়ামী লীগ যে ‘সন্ত্রাসবাদী’ দল, তা প্রমাণিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের নয় মাস পূর্ণ হতে চলেছে।
এই সময়ে সরকারের কাজের মূল্যায়ন করতে গিয়ে টুকু বলেন, সংকট থেকে উত্তরণে সরকার যতটুকু করতে পেরেছে, তাতে `আক্ষেপের কিছু নেই’।
তার ভাষায়, জাতীয় ও আন্তর্জাতিক সংকটের মধ্যে সরকার তার ‘ম্যানেজমেন্ট কোয়ালিটি’ দেখিয়েছে এবং অনেকেই বাংলাদেশকে ‘রোল মডেল’ হিসেবে দেখছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পুরো সাক্ষাৎকারটি প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: গ্যাস সংকট নিয়ে মানুষের যে ভোগান্তি, সেটা কবে নাগাদ কমতে পারে?
ইকবাল হাসান মাহমুদ টুকু: গ্যাস সংকটের ব্যাপারে আমি এর আগে অনেকবার বলেছি যে, বিগত সরকার দেশীয় গ্যাস উত্তোলন করা বাদ দিয়ে পুরো বিদেশের ওপর নির্ভরশীল হয়ে গিয়েছিল, বিদেশ থেকে ইমপোর্ট করত। এতে জনগণের অর্থের অপচয় হত এবং বিদেশে টাকা পাচার হতে পারত। আর আমাদের দেশীয় যে গ্যাস ছিল, সেই গ্যাসটা দিনে দিনে কমে আসছে। যার ফলে গ্যাসের চাপ কমে যাচ্ছে। এর মাঝে আমরা দায়িত্বভার গ্রহণ করার ১৫ দিনের মাথায় যুদ্ধ লাগল। যুদ্ধ লাগার অর্থ হল, যেসব দেশ থেকে গ্যাস রপ্তানি করা হয়, সেসব দেশের গ্যাস রপ্তানি বন্ধ হয়ে গেল। আমরা অন্য সোর্স থেকে গ্যাস আনার চেষ্টা শুরু করলাম। কিন্তু হঠাৎ করে যে দুটি এফএসআরইউ থেকে ল্যান্ডে গ্যাস পাঠানো হয়, সে দুটির মধ্যে একটিতে আগুন লেগে গেল। যার ফলে সেই সময় সাময়িক একটা গ্যাসের চাপ কমে গিয়েছিল। তারপর এগুলো ঠিকঠাক হওয়ার পরে বর্তমানে গ্যাসের চাপ মোটামুটি ঠিক আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: এটাকে কি আপনি সন্তোষজনক মনে করছেন?
ইকবাল হাসান মাহমুদ টুকু: যা ফ্যাসিলিটি আছে তা দিয়ে যতটুকু দেওয়া যাচ্ছে, এর চেয়ে বেশি আবার যদি আরেকটা এফএসআরইউ হয়, তখন বাড়বে। আর এর মধ্যে আমরা খনন কাজ শুরু করেছি, কিছু কিছু জায়গায় আমরা ভালো রেজাল্ট পাচ্ছি। এই যে কক্সবাজারে, যে আগুনটা উঠেছে, ওখানে আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। আশা করা যাচ্ছে ওখানে একটা ভালো মজুদ আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: জ্বালানি খাতের দায়িত্ব নেওয়ার আগে কী কী সমস্যা চিহ্নিত করতে পেরেছিলেন?
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী: সমস্যা তো একটাই। বিগত সরকারের ১৫ বছরে ফেলে যাওয়া সমস্যাগুলো আমাদের ঘাড়ে এসে পড়েছে। এবং আমরা আসছি হল আট মাস হল। আট মাস এসে তড়িঘড়ি করে আমরা রিগ কিনছি, রিগ কিনে আমাদের খনন করছি, আমরা অফশোর বিডিং করেছি, সমুদ্র বিজয় করছি। সমুদ্র থেকে তো গ্যাস উত্তোলন করে নাই। আমরা এসে অফশোর বিডিং করেছি, মার্চ মাসে এই বিডিং ক্লোজ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: ভারত ও মিয়ানমারে তো সমুদ্রে গ্যাস উত্তোলন হচ্ছে। তারা পারছে, আমরা পারছি না কেন?
ইকবাল হাসান মাহমুদ টুকু: আমরা তো যাইই নাই, পাব কোত্থেকে? আমরা এটার জন্য অলরেডি অফার ইনভাইট করেছি। মার্চ মাসে এটা ক্লোজ করব। বড় বড় যেসব অয়েল কোম্পানি আছে, তারা আশা করি আসবে এবং এক্সপ্লোর শুরু করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: এলপিজির বাজারে একটি ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে বাড়তি দাম নেওয়ার অভিযোগ রয়েছে। এই চক্র ভাঙতে আপনারা কী করছেন?
ইকবাল হাসান মাহমুদ টুকু: ইউ সি, আমার হচ্ছে কি, সাংবাদিকতাটা আরও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হওয়া উচিত। এলপিজি বিগত সরকার পুরা প্রাইভেটে দিয়ে গেছে, প্রাইভেটরা ইমপোর্ট করে। ইমপোর্ট করে প্রাইস ফিক্স করে হল বার্ক (বিইরাসি)। ইন বিটুইন সরকারের কোনো কিছু নাই। প্রাইভেটওয়ালারা তো এখানে দাতব্য ব্যবসা করবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: কিন্তু সরকারের পক্ষ থেকে একটি দাম নির্ধারণ করে দেওয়া হয়, যা জনগণকে জানানো হয়। সেই দাম কার্যকর করতে পারছেন না কেন?
ইকবাল হাসান মাহমুদ টুকু: সেটা আমরা রক্ষা করতে পারছি না কেমন করে? এটার দায় ব্যবসায়ীদের, ব্যবসায়ীরা যারা আনছে ইমপোর্ট করছে তাদেরকে, তাদেরকে বারবার আমরা বলছি তাদের সাথে আমরা বারবার বসতেছি, আমরা মোবাইল কোর্ট করতেছি, আমরা আর কি করব? আমাদের সরকারের যেটুক করা দরকার সেটা...।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: এ ক্ষেত্রে কি আপনারা অসহায় বোধ করছেন?
ইকবাল হাসান মাহমুদ টুকু: না অসহায় ফিল করি না। এই পুরো সিস্টেমটাতে, এখন সাংবাদিকরা খুব বড় বড় কথা বলছ তোমরা। তখন ১২ বছর ১৭ বছর যে প্রাইভেটের হাতে দিয়ে দিল ১৫ সাল থেকে, তখন তো একটা লেখা দেখিনি আমি। সেটারই তো এফেক্ট এখন পড়তেছে আমাদের উপরে। তো স্বাভাবিকভাবে আমরা প্ল্যান করছি যে আমরাও ইমপোর্ট করব। সো দ্যাট মার্কেটে যেন একটা প্রাইভেট পাবলিক একটা কম্পিটিশন থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: এটা কবে নাগাদ হতে পারে?
ইকবাল হাসান মাহমুদ টুকু: আমি আগেই বলছি আমরা আট মাস হল দায়িত্বভার গ্রহণ করছি। এই এলপিজি গ্যাস আনার ফ্যাসিলিটি তৈরি করতে হবে আমাদেরকে। আমরা অলরেডি কনসালটেন্ট নিয়োগ করেছি, রিপোর্ট এসে গেছে আমাদের কাছে। এই রিপোর্টের ভিত্তিতে আমরা কোথায় আমাদের এই এলপিজিটা আনব, কোথায় নামাব, কোথায় সংরক্ষণ করব, কোথায় বটলিং করব, এগুলো ঠিকঠাক করে আমরা শুরু করব। তাতে আমাদের তো কিছু সময় তো লাগবেই, বছর দুয়েক টাইম তো লাগবেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: কিছুদিন আগে জাতীয় গ্রিডে বিপর্যয় হয়েছিল। এ ঘটনায় আপনারা তদন্ত কমিটিও করেছিলেন। সেই তদন্ত প্রতিবেদন কি এসেছে?
ইকবাল হাসান মাহমুদ টুকু: জাতীয় গ্রিডে বিপর্যয় যে কোনো সময় হতে পারে, সব দেশেই হয়। বিপর্যয় হয় আরকি। কোথাও যদি কোনো বিভিন্ন ধরনের… কোথাও কোনো পাওয়ার স্টেশনে কিছু সমস্যা হলেই ট্রিপ করে, তার একটা এফেক্ট হয়। এফেক্ট হওয়ার পরে দুই তিনটা পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যায়, তখন ই (গ্রিড ফেইল) হয়ে যায়। লাকিলি এটা পার্টলি হয়েছিল, আমরা খুব দ্রুত আবার সেটাকে ঠিক করে সঞ্চালনে আনতে পেরেছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: সরকার সৌরবিদ্যুতের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। কেউ কেউ বলছেন, এর সঙ্গে বিদেশি স্বার্থ জড়িত। বিষয়টি কীভাবে দেখছেন?
ইকবাল হাসান মাহমুদ টুকু: সবতাতেই যদি সন্দেহ নিয়ে ঘোরা যায়, তাহলে তো হবে না। আজকে সারা বিশ্বে একটা আন্দোলন শুরু হয়ে গেছে যে ফসিল ফুয়েলে পরিবেশ নষ্ট করে, ক্লিন পরিবেশের জন্য আমাদের সৌর শক্তি দরকার। ইন্ডিয়া তো লাখ মেগাওয়াট তৈরি করছে। পাকিস্তানও অনেক এগিয়ে গেছে। আগের সরকার এদিকে নজর দেয় নাই, আমরা নজর দিয়েছি, এটা আমরা একটা সামাজিক বিপ্লবের মতো শুরু করছি। এবং আমাদের প্রধানমন্ত্রী নিজেই সৌরবিদ্যুৎ নিয়ে তার আর আমাদের গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করেন না। উনি দিনরাত ২৪ ঘণ্টা সৌরবিদ্যুৎই ব্যবহার করেন। সুতরাং অ্যাজ এ লিডার অফ দ্যা কান্ট্রি, উনি জনগণকে দেখাচ্ছেন যে ‘আমি করেছি আপনারাও করেন’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: দায়িত্ব নেওয়ার পর সৌরবিদ্যুৎ নিয়ে যেসব উদ্যোগ নিয়েছেন, সেগুলোর সাফল্য নিয়ে কতটা আশাবাদী?
ইকবাল হাসান মাহমুদ টুকু: আমি আশা করি যে আগামী গ্রীষ্মের আগে আমরা চার হাজার মেগাওয়াট সোলার পাওয়ার আনতে পারব। এবং গ্রীষ্মে যে ডিমান্ড বাড়ে, আমাদের লোডশেডিংও বাড়ে, সেটা অনেকাংশে কমে যাবে। আর সবচেয়ে বড় কথা হল, এই সৌর বিদ্যুৎ নিয়ে একটা সামাজিক বাণিজ্য হিসেবে আমরা আন্দোলন শুরু করেছি। প্রত্যেকটা ছাদ প্রত্যেকের একটা প্রফিট সেন্টার। ওখানে ছাদে বিদ্যুৎ উৎপাদন করবে, বিদ্যুৎ উৎপাদন করে সে ব্যবহার করবে এবং যেটুকু উদ্বৃত্ত থাকবে সেটা আমরা কিনে নেব সাড়ে দশ টাকা করে। তার খরচ পড়বে ম্যাক্সিমাম আট টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: এ উদ্যোগে এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন?
ইকবাল হাসান মাহমুদ টুকু: অনেক সাড়া পাচ্ছি। আমরা অর্ডিন্যান্স করার পরে এক দেড় মাসও তো হয় নাই, ২০০ মেগাওয়াট চলে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: এবার সমসাময়িক রাজনীতিতে আসি। শেখ হাসিনা ভারত থেকে নিজেই বাংলাদেশে আসার কথা বলেছেন। আপনারা কি তাকে আসতে দিচ্ছেন?
ইকবাল হাসান মাহমুদ টুকু: শেখ হাসিনা ভারত থেকে আসবে। বাংলাদেশের যে শাসক ১৭ বছরে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে এবং যাবার আগে প্রায় ১৪০০ মানুষকে হত্যা করেছে শিশুসহ, সেই মানুষটা ফিরে আসবে আর বাংলাদেশের জনগণ তাকে ওয়েলকাম করবে আমি আমার এতদিনের রাজনৈতিক যে অভিজ্ঞতা হইছে, এটা একটা অলীক স্বপ্ন। এটা কল্পনা। এক নম্বর। দুই নম্বর হচ্ছে হল যে, সে তো কনভিক্ট। সে তো নরমালি আসতে পারবে না, বিধান নাই, তাকে আসতে হবে যে এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেই ট্রিটির মাধ্যমে আসতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আপনি যে প্রত্যর্পণ চুক্তির কথা বলছেন, সেটা তো দুই দেশের কূটনৈতিক বিষয়। এ ক্ষেত্রে...
ইকবাল হাসান মাহমুদ টুকু: দুই দেশের। আমরা চাচ্ছি তো, বারবার চাচ্ছি তো, এখন ভারত যদি না দেয় তাহলে তো কিছু করার নাই আমাদের। ...একজন কনভিক্ট আসামিকে আমরা চেয়েছি। বারবার চেয়েছি, এখন যদি না দেয়, তাকে আসতে হবে ওইটার মাধ্যমেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: তার মানে আপনারা তাকে পাসপোর্ট এবং এনআইডি দিচ্ছেন না?
ইকবাল হাসান মাহমুদ টুকু: পাসপোর্ট দেওয়ার তো কারণ নাই কোনো। সে তো কনভিক্ট হয়ে গেছে, তাকে তো ওইভাবেই আসতে হবে। একটা কনভিক্টকে যেভাবে ফেরত নিয়ে আসা হয় সেভাবেই ফেরত নিয়ে আসতে হবে। আমি এর ব্যাপারে এটুকুই বলতে চাই যে এটা হাসিনা চাইলেই আসতে পারে, কিন্তু আসলে যে আইনি ব্যবস্থা আছে, সেটা তো গ্রহণ হবেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: ডিসেম্বর যত এগিয়ে আসছে, দেশে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সরকার এ পরিস্থিতিতে কী করছে?
ইকবাল হাসান মাহমুদ টুকু: ইউ সি, এটাতে আবার প্রমাণ করল যে আওয়ামী লীগ চিরকালই সন্ত্রাস করেছে, এখনও সন্ত্রাস করতেছে। সুতরাং এখন আওয়ামী লীগ যে সন্ত্রাসবাদী একটা দল, সেটা প্রমাণিত হয়ে গেছে। আর সরকার যা করার তো করছে। পলিটিক্যালি আমরা এটাকে ফেইস করছি। আইনগতভাবেও ফেইস করছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: রাজনৈতিকভাবে কীভাবে মোকাবিলা করছেন? তারা তো রাজনীতিতে নেই। আপনারা কীভাবে বিষয়টি সামলাচ্ছেন?
ইকবাল হাসান মাহমুদ টুকু: তারা তো চোরাগোপ্তা হামলা করছে, সেই চোরাগোপ্তা হামলাকে ঠেকানোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: সরকারের প্রায় নয় মাস হতে চলেছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার কোনো আক্ষেপ আছে কি? এই সময়ে সরকারকে কীভাবে মূল্যায়ন করবেন?
ইকবাল হাসান মাহমুদ টুকু: নয় মাসে আমরা যতটুক অ্যাচিভ করতে পেরেছি, যেসব সমস্যা, ক্রাইসিস আমরা ফেইস করেছি এবং ক্রাইসিস থেকে উত্তরণ করতে পেরেছি, এখানে আক্ষেপের কিছু নাই। এতে প্রমাণ করেছে যে গভমেন্টের ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি আছে। সেজন্য বড় বড় এই যে একটা যুদ্ধ, সারা বিশ্বের উন্নত দেশগুলা অস্থিরতার মধ্যে আছে, আমরা একটা ক্ষুদ্র দেশ আমরা যে এটাকে হ্যান্ডেল করতেছি, এটাকে অনেকে রোল মডেল হিসেবে দেখে। আমি এর মধ্যে এনার্জি ক্রাইসিসের উপরে ডেভলপড কান্ট্রিদের এনার্জি মিনিস্টারদের তিনটা কনফারেন্সে গেছি। তারা অবাক হইছে যে এত কম দামে কেমন করে আমরা বিদ্যুৎ এখনও দিচ্ছি, তেল এখনও কেমন করে বিক্রি করছি।
