২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রা: সিরাজগঞ্জে খুলে গেল ৩ ওভারপাস, এক সেতু

ইতোমধ্যে উত্তরের পথে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2024, 07:30 PM

Updated : 06 Apr 2024, 07:30 PM

উত্তরের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্মাণাধীন চার লেইনের মহাসড়কের সিরাজগঞ্জ পয়েন্টে তিনটি ওভারপাস ও একটি সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।  

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ওভারপাস-সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।

এ উপলক্ষে সিরাজগঞ্জ প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের অনুষ্ঠানে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, জেলা পরিষদ চেয়ারম্যান শামিম তালুকদার লাবু ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানসহ ২ প্রকল্পের কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

খুলে দেওয়া ওভারপাস তিনটি হল- বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি, পাচলিয়া ও দাতপুর এলাকার ওভারপাস। এ ছাড়া সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার দাতিয়া সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে।

এসব ওভারপাস ও সেতু খুলে দেওয়ায় ঈদে ঘরমুখো যাত্রী নিয়ে যানবাহনগুলো স্বস্তিতে গন্তব্যে পৌঁছতে পারবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। 

ইতোমধ্যে উত্তরের পথে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।

যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাইওয়ে ও জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।