লালমনিরহাটে নারী হত্যায় দম্পতির যাবজ্জীবন
পিপি জানান, ২০২০ সালে শাহিনাকে কৌশলে ডেকে তিস্তা চরে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন আসামিরা।
লালমনিরহাটে এক নারীকে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করে বলে সরকারি কৌঁসুলি (পিপি) আকমল হোসেন আহমেদ জানান।
দণ্ডিতরা হলেন- সদর উপজেলার খোচাবাড়ি এলাকার বাসিন্দা দবিয়ার রহমান (৪০) এবং তার স্ত্রী শাহিনা বেগম (৩৩)।
মামলার বরাত দিয়ে পিপি বলেন, স্বামী মারা যাওয়ার পর এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে ওই এলাকায় ভাইয়ের বাড়িতে বসবাস করতেন শাহিনা বেওয়া (৩৮)। অন্যের বাড়িতে কাজ ও কবিরাজি করে তিনি জীবিকা নির্বাহ করতেন।
কবিরাজি করতে গিয়ে দবিয়ারের সঙ্গে সম্পর্কে জড়ান শাহিনা। এক পর্যায়ে শাহিনা বিয়ের চাপ দিলে ক্ষিপ্ত হন দবিয়ার। পরে বিষয়টি জানা জানি হলে দবিয়ার ও স্ত্রী শাহিনা বেগম ক্ষিপ্ত হয়ে শাহিনা বেওয়াকে হত্যার পরিকল্পনা করেন।
আইনজীবী আরও বলেন, এরপর ২০২০ সালের ৬ নভেম্বর তাকে কৌশলে ডেকে তিস্তা চরে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন তারা।
পরদিন পুলিশ শাহিনা বেওয়া মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিন অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে সদর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ভাই একরামুল হক।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউর রহমান দবিয়ার ও তার স্ত্রী বিরুদ্ধে ২০২১ সালের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন।
সাক্ষ্যগ্রহণ শেষ দবিয়ার রহমান ও শাহিনাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
