মানিকগঞ্জে ‘মদের বিষক্রিয়ায়’ মামা-ভাগনের মৃত্যু
মানিকগঞ্জের সদর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে মদপানের বিষক্রিয়ায় দুই যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা সম্পর্কে মামা-ভাগনে।
শনিবার রাতে জেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয় বলে স্থানীয়দের বরাতে হরিরামপুর থানা ওসি (তদন্ত) মজিবুর রহমান জানান।
নিহতরা হলেন- গাজীপুর জেলার ভাওয়াল কলেজ এলাকার সতীশ সরকারের ছেলে দীপু সরকার (২৯) ও হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া গ্রামের প্রকাশ সরকারের ছেলে প্রসেনজিৎ সরকার (২১)।
দীপুর বড় বোনের ছেলে প্রসেনজিতের মা-বাবা আগেই প্রয়াত হয়েছেন।
দীপুর মামাতো ভাই সঞ্জয় বৈরাগী জানান, সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে তার বোনের বিয়েতে আসেন দীপু সরকার। সেখানে দীপুর বড় বোনের ছেলে প্রসেনজিতও আসেন।
সঞ্জয় বৈরাগী আরও জানান, শুক্রবার মধ্যরাতে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তরল কিছু পান করে দীপু ও প্রসেনজিতসহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।
পরে শনিবার সন্ধ্যায় প্রসেনজিতকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন।
আশঙ্কাজনক অবস্থায় মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে প্রসেনজিতের মৃত্যু হয়।
এদিকে, মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দীপুকেও মৃত ঘোষণা করেন।
দীপুকে শনিবার রাতে হরিরামপুর বলড়া শ্মশানে দাহ করা হয়েছে। আর প্রসেনজিতের মরদেহ এখনো মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে পুলিশ জানায়।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদা নাজনীন বলেন, “শনিবার প্রসেনজিৎকে নিয়ে আসা হলে আমরা সাথে সাথে পরীক্ষা করে তার পালস পাচ্ছিলাম না। পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করে দিই।”
মদ পানে এমনটি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “সে সম্পর্কে আমি কিছু বলতে পারছি না।”
মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন জানান, প্রসেনজিতের লাশের সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়ার বিষয়টি হরিরামপুর থানা দেখবে।
স্থানীয়দের বরাতে হরিরামপুর থানা ওসি (তদন্ত) মুজিবুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
