২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতের ভয়ে মাঠ ছেড়ে টিনের চালায়, তবু মৃত্যু ২ কৃষকের

বাজারের টিনের চালায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই জহুর ও ছলিমের মৃত্যু হয়।

বজ্রপাতের ভয়ে মাঠ ছেড়ে টিনের চালায়, তবু মৃত্যু ২ কৃষকের

প্রতীকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2023, 08:44 PM

Updated : 01 Jul 2023, 08:44 PM

কুষ্টিয়া সদর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।  

শনিবার দুপুরের দিকে উপজেলার আইলচারা ইউনিয়নের এ ঘটনা ঘটে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস।

নিহতরা হলেন- উপজেলার কৃষ্ণপুর গ্রামের করিম সওদাগরের ছেলে জহুর আলী (৫০) এবং মহির উদ্দিনের ছেলে ছলিম উদ্দিন (৩৭)।

আহত একই গ্রামের রেজাউলকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও সাধন কুমার জানান, হতাহতরা সবাই পেশায় কৃষক। তারা মাঠে কাজ করছিলেন। এ সময় প্রচন্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়।

বৃষ্টি এবং বজ্রপাতের কারণে তারা মাঠের কাজ রেখে আইলচারা ইউনিয়নের সিঁদুরঘাট এলাকার তালতলা বাজারের চায়ের দোকানের পাশে একটি টিনের চালার নিচে আশ্রয় নেন।

এ সময় সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই জহুর ও ছলিমের মৃত্যু হয়। স্থানীয়রা এসে গুরুতর আহত রেজাউলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান ইউএনও। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, আহত রেজাউল শঙ্কামুক্ত।