২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনপুরায় ‘হরিণের মাংসসহ শিকারি’ আটক

বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের পর আটক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মনপুরায় ‘হরিণের মাংসসহ শিকারি’ আটক

আটক মো. ছলেমান

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 08:32 PM

Updated : 22 Oct 2022, 08:32 PM

ভোলার মনপুরায় হরিণের ১০ কেজি মাংসসহ এক শিকারি আটক হয়েছেন।

শনিবার উপজেলার বিচ্ছিন্ন চরপিয়াল সংরক্ষিত বন থেকে তাকে আটক করা হয় বলে পঁচা কোড়ালিয়া বিটের বন কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন জানান।

আটক মো. ছলেমান (২৫) উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের প্রয়াত সুলতান মাঝির ছেলে।

বিট কর্মকর্তার ভাষ্য, “শুক্রবার বিকালে বনপ্রহরী শাহাদাত, রাকিব ও নাজমুল হোসেনকে নিয়ে তিনি চরপিয়াল সংরক্ষিত বনাঞ্চলে টহলে যান। এক পর্যায়ে তারা দেখতে পান বনের ভেতরে কয়েকজন শিকারি হরিণ জবাই করে নিজেদের মধ্যে মাংস ভাগ-বাটোয়ারা করে নিয়ে যাচ্ছেন।”

“এ সময় ধাওয়া করে ওই যুবককে ১০ কেজি মাংসসহ আটক করে রাতে উপজেলা রেঞ্জ অফিসে আনা হয়। তবে অপর শিকারিরা ধাওয়া খেয়ে পালিয়ে যান।”

মনপুরা রেঞ্জ কর্মকর্তা মো. মঈনুল ইসলাম জানান, বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের পর আটক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।