২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুতে বাইক: তিন দিনে জরিমানা দিলেন ৩৫ জন

রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৩ বাইকার থেকে ৭১ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে।

পদ্মা সেতুতে বাইক: তিন দিনে জরিমানা দিলেন ৩৫ জন

সার্ভিস লেইন ছেড়ে মূল লেইনে আসায় বাইকারকে জরিমানা করা হচ্ছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2023, 09:52 PM

Updated : 23 Apr 2023, 09:52 PM

পদ্মা সেতুতে মোটরসাইকেল চালাতে গিয়ে তিন দিনে আইন ভেঙে জরিমানা দিয়েছেন ৩৫ জন। মোট জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৭ হাজার টাকা।

এর মধ্যে শুধু রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৩ বাইকার থেকে ৭১ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে বলে মুন্সীগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) বজলুর রহমান জানান।

Image

পদ্মা সেতুতে মোটরসাইকেল চালকদের জন্য সার্ভিস লেইন করা হয়েছে।

বজলুর রহমান জানান, ঈদের পরদিন সকাল থেকে পদ্মা সেতুতে বাইকের ভিড় বাড়ে। নির্দিষ্ট লেনে লম্বা লাইন ধরে সেতু অতিক্রম করেছেন বাইকাররা। আর মূল লেনে চলেছে অন্য যানবাহন। 

“তবে কেউ কেউ লাইন ব্রেক করে বাইকারদের লেন ক্রস করে মূল লেনে উঠে যান; কিন্তু পুলিশের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। নিয়ম ভঙ্গ করে সার্ভিস লেন অতিক্রম করায় প্রত্যেককে ৩ হাজার টাকা জরিমানা গুণতে হয়।”

বজলুর রহমান বলেন, সার্ভিস লেন থেকে বাইক মূল লেনে উঠে আসলেই দুর্ঘটনার আশঙ্কা থাকে, তাই সজাগ আইনশৃঙ্খলা বাহিনী।

Image

সার্ভিস লেইন ছেড়ে মূল লেইনে আসায় বাইকারকে জরিমানা করা হচ্ছে।

“নিয়ম ভঙ্গ করায় রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২২ বাইকারকে তিন হাজার টাকা করে ৬৬ হাজার টাকা এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

যাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে তার লাইসেন্স সমস্যাও ছিল বলে দুই হাজার টাকা বেশি বলে বজলুর রহমান জানান। 

মুন্সীগঞ্জের ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা জানান, ২১ এপ্রিল সকাল ৬টা থেকে ২২ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত ৯ জনকে ২৭ হাজার টাকা, ২২ এপ্রিল সকাল ৬টা থেকে ঈদ দিন সকাল ৬টা পর্যন্ত ৩ জনকে ৯ হাজার টাকা এবং রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত ২৩ জনকে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঈদকে সামনে রেখে পদ্মা সেতুর উপর দিয়ে মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়া হয়। সে অনুযায়ী ২০ এপ্রিল সকাল থেকে সেতুর উপর দিয়ে বাই চলাচল শুরু হয়। তবে প্রথম দিন কোনো জরিমানা আদায়ের ঘটনা ঘটেনি। 

২০ এপ্রিল সকাল ৬টা থেকে ২৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত সেতুর উপর দিয়ে মোট ২৯ হাজার ৪৮টি মোটরসাইকেল পারাপার হয় বলে পুলিশ জানিয়েছে।