জয়পুরহাটে ধান ক্ষেতে মিলল কলেজ ছাত্রের লাশ
সৌরভের গলায় ছুরিকাঘাত ও বাম হাতের রগ কাটা ছিল বলে জানান ওসি।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ধান ক্ষেত থেকে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলা বড় মোহাম্মদপুর গ্রামে মরদেহটি পাওয়া যায় বলে পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক জানান।
নিহত সৌরভ হোসেন (১৮) ওই গ্রামের জহুরুল ইসলাম খাজার ছেলে। তিনি সড়াইল আদর্শ মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জাহিদুল হক বলেন, সৌরভ বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। তারপর তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি।
পরে সকালে বড় মোহাম্মদপুর গ্রামের এক ধান ক্ষেতে সৌরভের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, গলায় ছুরিকাঘাত ও বাম হাতের রগ কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ সেখানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
