২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ৭ বছর পর গ্রেপ্তার

এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি এখনো পলাতক, তারা বিদেশে অবস্থান করছেন বলে শোনা যাওয়ার কথা জানিয়েছেন ওসি।

ব্রাহ্মণবাড়িয়ায় খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ৭ বছর পর গ্রেপ্তার

ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে পলাতক জাকির খাঁকে  আটক করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2023, 04:17 PM

Updated : 04 Feb 2023, 04:17 PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে সাত বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার ভোরে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানিয়েছেন। 

আটক জাকির খাঁ (৪৫) উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আমানত খাঁর পুত্র। 

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এসআই মো. কামরুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তাকে আটক করে। 

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৬ অগাস্ট উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মারা যান শরীফ খাঁ (৫০)। 

এ ঘটনায় নিহতের স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে একই পরিবারের চার জনসহ পাঁচ জনকে আসামি করে আখাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। 

আসামিরা হলেন- আমানত খাঁ ও তার তিন ছেলে জাকির খাঁ, গাজি খাঁ, মাহবুব খাঁ এবং আমানত খাঁর ভাতিজা আমীর খাঁ। মামলার পর থেকেই জাকির খাঁ ও তার দুই ভাই পলাতক ছিল। 

এই হত্যা মামলায় ২০২২ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে জাকির খাঁসহ তিন ভাইয়ের মৃত্যুদণ্ড এবং তাদের বাবা আমানত খাঁর যাবজ্জীবন সাজা হয়। 

আমানত খাঁ বর্তমানে কুমিল্লা কারাগারে সাজা ভোগ করছে। 

এই মামলার আরেক আসামি আমির খাঁ ২০১৮ সালে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হন।  

এ ব্যাপারে শরীফ খাঁর ছেলে মো. রাসেল খাঁ বলেন, “আসামি আটক হওয়ায় আমরা খুশি। এজন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই। সরকারের কাছে আবেদন দ্রুত আমার বাবার হত্যাকারীদের বিচারের রায় যেন কার্যকর করা হয়। তাহলেই আমরা শান্তি পাবো। ” 

ওসি মো. আসাদুল ইসলাম বলেন, জাকির খাঁ ছদ্মবেশে ঢাকার অজ্ঞাত স্থানে অবস্থান করে অটোরিকশা চালাতেন। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি এখনো পলাতক রয়েছে। তারা বিদেশে অবস্থান করছেন বলে শোনা যাওয়ার কথা জানান ওসি।