০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা যাওয়া তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

জেরিকা তাসনিম দিশাকে কাফরুল থেকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 03:04 PM

Updated : 01 Nov 2026, 03:20 PM

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাকে ঘটনার দিন রাতে উত্তরার একটি পানশালায় তাহসিফের সঙ্গে দেখা গিয়েছিল।

জেরিকা তাসনিম দিশা নামের ওই তরুণীকে শনিবার রাতে কাফরুল এলাকা গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নৌ-পুলিশ।

দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের হেফাজতে চেয়ে আবেদন করেছে নৌ-পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন এ রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের তথ্য দিয়ে বলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সাউরির লাশ উদ্ধারের পর মামলা করতে নিজের ‘অনীহার’ কথা জানালেও শুক্রবার গভীর রাতে উত্তরখান থানায় অভিযোগ দেন বাবা কে এম এনায়েতুল করিম।

এর প্রেক্ষিতে মামলা হয়; ওই মামলায় কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না করা হলেও পরে দীপ ও দিশাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলাটি তদন্ত করছে তাহসিফের লাশ উদ্ধারকারী ইউনিট নৌ-পুলিশ, তারাই ঘটনার রাতে তাহসিফের সঙ্গে থাকা দিশাকে হেফাজতে নিয়েছে।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির ভাসমান লাশ বুধবার বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ।

তিনি মঙ্গলবার সন্ধ্যায় ‘বন্ধুস্থানীয় ছোট ভাই দীপের ডাকে’ বাসার নিচে নামেন এবং নিজের বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন।

দীপ বৃহস্পতিবার বলেছিলেন, রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেয়ে উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান।

রাতেই মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তার দেওয়া তথ্যেই শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের বাইকটি উদ্ধার করা হয়।

‘মাদকস্পট’ হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা স্বীকারও করে দীপ। একপর্যায়ে তাকে নিয়ে শুক্রবার টঙ্গীর ওই এলাকা পরিদর্শনেও গিয়েছিলেন পিবিআই কর্মকর্তারা।

পুরনো খবর:

তাহসিফের মৃত্যুর কারণ জানতে চান বাবা
তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড