গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও ছেলের গলিত মরদেহ উদ্ধার
বাড়ির চারপাশে টিনের বেড়ার গেট তালাবদ্ধ দেখতে পেয়ে স্বজনরা ধারণা করেছিল রুবিনা ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছে।
গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও ছেলের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৫টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (এসিআই গেইট) সংলগ্ন বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।
নিহত রুবিনা আক্তার (২২) ওই এলাকার সিরাজুল ইসলামের মেয়ে। তার স্বামী মুন্সীগঞ্জের বিক্রমপুর উপজেলার কুদ্দুসের ছেলে ঝুম্মন মিয়া। ঝুম্মন মাওনা এলাকায় ভাড়া থেকে রঙ্গীলা বাজারে একটি ওয়ার্কশপে কাজ করেন।
এই দম্পতির চার বছর বয়সী ছেলে জিহাদের মরদেহও ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
রুবিনার বাবা সিরাজুল ইসলাম জানান, পাঁচ বছর আগে ঝুম্মনের সঙ্গে রুবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার বাড়ির পাশেই আরেকটি বাড়িতে থাকতে শুরু করে ঝুম্মন-রুবিনা।
তিনি জানান, সপ্তাহখানেক আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর গত চার দিন যাবত রুবিনা ও তার ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না তারা। আবার বাড়ির চারপাশে টিনের বেড়ার গেট তালাবদ্ধ দেখতে পেয়ে তারা ধারণা করেছিল রুবিনা ছেলেকে নিয়ে কোথাও বেড়াতে গিয়েছে। কিন্তু বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাননি স্বজনেরা।
এদিকে শনিবার বিকেলে রুবিনার ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে অপর পাশ দিয়ে বাড়িতে ঢুকে তাদের বসত ঘরের দরজায়ও তালা লাগানো অবস্থায় দেখতে পায় স্বজনেরা। এ সময় ছোট বোন সেলিনা তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মা-ছেলের গলিত মরদেহ দেখতে পায়।
ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মরদেহ গলিত অবস্থায় থাকায় সুরতহাল করে কোনো কিছু বোঝা যাচ্ছে না। তবে মরদেহের পাশেই একটি বিরানীর প্যাকেট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে খাবারের সঙ্গে কেউ কোনো কিছু মিশিয়ে তাদেরকে হত্যা করতে পারে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
