২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়া থেকে ফিরে বরিশালে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১৫

টুঙ্গীপাড়ায় খাবার দেওয়া নিয়ে দুটি পক্ষের মধ্যে তর্ক হয়; এর জেরে বরিশাল ফিরে তারা সংঘর্ষে জড়ান, বলেন এক ওয়ার্ড কাউন্সিলর।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 01:02 AM

Updated : 09 Jul 2023, 01:02 AM

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফিরে বরিশাল নগরীতে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ ও যুবলীগের দুটি পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এয়ারপোর্ট থানার ওসি মো. হেলালউদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় কাশিপুর এলাকায় এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে রয়েছেন ফাইজুল ইসলাম, আশিক, ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া, সাজ্জাদ হোসেন, ফরহাদ উদ্দিন, মাহাদি, মাসুদ, হাসান, তুহিন, রাহাত ও জান।

আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমরান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টুঙ্গীপাড়ায় খাবার দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে তর্ক হয়। তারা কাশিপুর পেট্রোল পাম্পে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তবে কে কোন পক্ষের তা তিনি জানেন না বলে জানান।

এয়ারপোর্ট থানার ওসি মো. হেলালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মহানগর ছাত্রলীগের সাবেক নেতা রিয়াজ ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুটি পক্ষ হয়ে মারামারি করেছে। উভয় পক্ষের আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে কোনো অনুসারীর বিষয় নেই।

নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রলীগ নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশাল সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম কয়েকজন কাউন্সিলরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে টুঙ্গীপাড়ায় যান। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন।

টুঙ্গীপাড়ায় তাদের দুটি পক্ষের মধ্যে তর্ক হয়। বরিশাল আসার পর কাশিপুর সুরভী পেট্রোল পাম্প এলাকায় এসে একটি পক্ষ অবস্থান নেয়। আরেকটি পক্ষের নেতাকর্মীরা সেখানে এসে পৌঁছুলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রুনু সরকার জানিয়েছেন, সংঘর্ষে ৭/৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মফিজুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত ১৫ জন হাসপাতালের সার্জারি ও অর্থপেডিক্স ইউনিটে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ছয়জন গুরুতর আহত রয়েছেন।

মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তার অনুসারীদের উপর হামলা হয়েছে। কারা করেছে বিস্তারিত জানেন না।

মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বহিরাগত কিছু লোক ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার কঠিন বিচার করা হবে।