শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি
১২ জানুয়ারি বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার রাতে নির্বাচন কমিশনার ও সমিতির বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক এম ফরহাদ হাওলাদার জানান, গত ৪ জানুয়ারি তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী, ১০ জানুয়ারি বিকাল ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারবেন। ওই দিন বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। পরদিন দুপুর ২টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে ১২ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত; বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনার ফরহাদ বলেন, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ৫৬০ জন ভোটার (শিক্ষক) রয়েছেন। এর মধ্যে ৪২৪ জন বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন; বাকি ১৩৬ শিক্ষক ছুটিতে গেছেন।
এবারের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন রসায়ন বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক মো. মাহবুবুর রশিদ, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক এবিএম আবদুল মালেক, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহম্মদ শহিদুল হক এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক আহমদ সায়েম।
