সিলেট নগরীর হোটেলে তরুণীর লাশ
শাপলা আবাসিক হোটেলের পরিচালকের সঙ্গে এই তরুণীর প্রেমের সর্ম্পক ছিল বলে পুলিশ জানিয়েছে।
সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. কামরুল হাসান তালুকদার জানান, বুধবার সকাল পৌনে ১১টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলার ‘শাপলা আবাসিক হোটেল’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৯ বছর বয়সী এই তরুণীর বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার দুলিয়ারবন্দ গ্রামে।
ওসি কামরুল জানান, শাপলা আবাসিক হোটেলের পরিচালক জহির মিয়ার সঙ্গে মেয়েটির প্রেমের সর্ম্পক ছিল। তাদের মধ্যে ঘনিষ্ঠ মেলামেশা চলছিল। পুলিশের প্রাথমিক ধারণা বিয়ে না করায় আত্মহত্যা করেছে মেয়েটি।
“সকাল ১০টার দিকে কর্মচারীদের দেওয়া খবরের ভিত্তিতে গিয়ে পুলিশ ১০৩ নম্বর কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।”
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনার পর থেকে হোটেলের পরিচালক জহিরের খোঁজ মিলেছে না; তাকে পুলিশ খুঁজছে বলে জানান ওসি।
