১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারী ফুটবলারদের ওপর হামলার বিচার দাবিতে বরিশালে মানববন্ধন

ঘটনার সুষ্ঠু বিচার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বক্তারা।

নারী ফুটবলারদের ওপর হামলার বিচার দাবিতে বরিশালে মানববন্ধন

খুলনায় নারী ফুটবলারদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 07:12 PM

Updated : 04 Aug 2023, 07:12 PM

খুলনায় চার নারী ফুটবলারের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখা।

সংগঠনের সভাপতি মাফিয়া বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রফ্রন্টের আলেকান্দা কলেজ শাখার সংগঠক লিমা আক্তার ও ফারজানা আক্তার, ছাত্রনেতা সুজন সিকদার, বরিশাল মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শানু বেগম, বাসদের সদস্য দুলাল মল্লিক।

বক্তারা বলেন, নারী ফুটবলারদের ওপর হামলার ঘটনায় একজন কারাগারে থাকলেও মামলার ৩ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। হামলার পর পুলিশ আসামিদের গ্রেপ্তার না করায় তারা নানাভাবে হুমকি দিচ্ছে। এ কারণে ঘটনার সুষ্ঠু বিচার হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা।

তাই অবিলম্বে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

২৭ জুলাই খুলনার বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামের সুপার কুইন ফুটবল একাডেমিতে অনুশীলনের সময় নুপুর খাতুন নামে এক নারী মোবাইলে খুলনা অনুর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের সদস্য সাদিয়া নাসরিনের একটি ছবি তোলেন। পরে সেই ছবি সাদিয়ার বাবা-মাকে দেখিয়ে আজেবাজে মন্তব্য করেন এবং তাদের অপমান-অপদস্ত করেন। এ নিয়ে সাদিয়ার বাবা-মা তাকে বকাঝকা করেন।

২৯ জুলাই বিকালে ছবি তুলে কেন বাবা-মাকে দেখিয়ে আজেবাজে কথা বলা হয়েছে সে ব্যাপারে সাদিয়া নুপুরের কাছে জানতে চান। এ নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নুপুর গালিগালাজ করেন।

একাডেমি কর্তৃপক্ষ, কোচ, নারী ফুটবলাররা এর প্রতিবাদ করতে নুপুরের বাড়িতে গেলে নুপুরের ভাই আলাউদ্দিন, সালাউদ্দিন, বাবা নুর আলম, মা রঞ্জি বেগম ও আত্মীয় মনোয়ারা তাদের ওপর হামলা চালান। এতে চার খেলোয়াড় আহত হন। হামলার সময় নুর আলমের লোহার রডের বাড়িতে মাথায় গুরুতর আঘাত পায় মঙ্গলী বাগচী। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় উপজেলার তেঁতুলতলা স্কুল মাঠ এলাকার সালাউদ্দিন (২২), নুর আলম (৪৮), রঞ্জি বেগম (৪০), মনোয়ারা বেগম (৫৫) ও নুপুর খাতুন (২২) ও এক কিশোরের বিরুদ্ধে মামলা করেন সাদিয়া। বাদীর অভিযোগ, মামলা তুলে নেওয়ার জন্য তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন:

পুরানো খবর:

মামলা তুলে নিতে আসামিদের হুমকি, নিরাপত্তাহীনতায় নারী ফুটবলাররা

পুরানো খবর:

নারী ফুটবলারের পরিবারকে অপমান, প্রতিবাদ করায় মারধর, গ্রেপ্তার ১