২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ভ্যানচালক হত্যার ২৩ বছর পর তিন জনের যাবজ্জীবন

যাবজ্জীবন ছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা না দিলে আসামিদের আরও ৬ মাস কারাবাসে থাকতে হবে।  

বগুড়ায় ভ্যানচালক হত্যার ২৩ বছর পর তিন জনের যাবজ্জীবন

রায় ঘোষণার পর আসামিদের কারাগারে নিয়ে যায় পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 08:39 PM

Updated : 13 Aug 2023, 09:59 PM

বগুড়ার গাবতলী উপজেলায় ভ্যানচালক হত্যা মামলার ২৩ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল করিম হলি জানান।

যাবজ্জীবন ছাড়াও প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাবাসে থাকতে হবে।  

দণ্ডপ্রাপ্তরা হলেন: সাইদুল, ফুটু ও জাহিদুল। তারা তিনজনই গাবতলীর মহিষাবান ইউনিয়নের দেবোত্তর পাড়ার বাসিন্দা। রায় ঘোষণার সময় দুজন আদালতে হাজির থাকলেও ঘটনার পর থেকেই সাইদুল পলাতক আছেন।

খুন হওয়া ভ্যানচালক হলেন পূর্ব মহিষাবান ইউনিয়নের উত্তরপাড়ার আকবর আলীর ছেলে মহিদুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০০০ সালের ৭ নভেম্বর গলায় গামছা পেঁছিয়ে মহিদুলকে হত্যা করে আসামিরা তার ভ্যান ছিনতাই করেছিলেন।

পরদিন পাশের বালিয়াদীঘি ইউনিয়নের ধোপাগাড়ী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই নিহতের বাবা আকবর আলী ওই তিনজনের নাম উল্লেখ করে গাবতলী থানায় হত্যা মামলা করেছিলেন।

মামলার নথির বরাতে আইনজীবী আরও জানান, আসামিরা ভ্যানচালক মহিদুলের পরিচিত ছিল। তারা ওইদিন ছিনতাইয়ের উদ্দেশ্যে মহিদুলের ভ্যান ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছিলেন। পরে সুযোগ বুঝে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে ধোপাগাড়ী এলাকায় মহিদুলের মরদেহ ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যান।

মামলার পর দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।