সাতক্ষীরায় চিকিৎসক পরিচয়ধারী ব্যক্তিসহ দুইজনের কারাদণ্ড
সংশ্লিষ্ট আইনে তাদের কারাদণ্ড ও জরিমানা করা হয়।
সাতক্ষীরায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে চিকিৎসক পরিচয়ধারী এক ব্যক্তিসহ দুইজনকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে শহরের খুলনা রোড মোড় এলাকা অভিযান পরিচালনা করা হয় বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন হোসেন শাহিন জানান।
তিনি বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট আইনে শেফা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক পরিচয়ধারী বিপ্লব কুমার দাসকে ছয় মাসের কারাদণ্ড এবং ওই ডায়াগনস্টিক সেন্টারে মালিক আবু বকর সিদ্দীককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
“অন্যদিকে আস্থা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় তার মালিক বিশ্বজিৎ পালকে ১০ দিনের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।”
অভিযানে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক নাজমুল হক, সিভিল সার্জনের প্রতিনিধি জয়ন্ত সরকারসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
