২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন

আসামিরা কালামকে ডেকে নিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেন বলে জানান পিপি।

পাবনায় হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন

পাবনা জেলা ও দায়রা জজ আদালত।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 10:05 PM

Updated : 09 Jul 2023, 10:05 PM

পাবনার আতাইকুলা থানায় হত্যার দায়ে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

রোববার পাবনার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ বেগম শামীম আহাম্মদ ছয় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুস সামাদ খান রতন জানান। 

দণ্ডিতরা হলেন- আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের মো. মোতাহার হোসেন, মো. সাইদুল ইসলাম, আলাই, আক্কাছ আলী ফকির, শাহিন, রমজান আলী প্রামানিক, মো. সাইফুল ইসলাম, আতাউর রহমান, সাইদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম। 

এর মধ্যে সাইদুল ও সাইফুল ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।   

মামলার বরাত দিয়ে পিপি আব্দুস সামাদ খান রতন বলেন, আতাইকুলার শ্রীকোল গ্রামের আবুল কালাম তার পৈত্রিক সম্পত্তি উদ্ধারের জন্য আসামিদের সঙ্গে অলিখিত চুক্তিবদ্ধ হন। 

এজন্য তারা কালামের কাছে এক লাখ টাকা দাবি করেন। কালাম ৪০ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি ৬০ হাজার টাকা জমি উদ্ধারের পর দেওয়া হবে বলে জানান। 

তিনি বলেন, এতে দণ্ডিতরা ক্ষুব্ধ হয়ে কালামকে হত্যার পরিকল্পনা করেন। ২০১৬ সালের ২৪ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা কালামকে হত্যার উদ্দেশ্যে শ্রীকোল পশ্চিমপাড়ায় কৌঁশলে ডেকে নিয়ে আসেন। এরপর এক কোপে কামালের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেন। 

পিপি আরও বলেন, পরে এ ব্যাপারে আবুল কালামের ছেলে সুরুজ আলী বাদী হয়ে নয় জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়। 

রায়ে আদালত আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

এ ছাড়া একজনকে খালাস দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। 

রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী শাজাহান আলী খান বলেন, “এই রায়ের মাধ্যমে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। উচ্চ আদালতে আপিল করব।”