নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন, ৩৫ শ্রমিক আহত
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৫ শ্রমিক আহতের খবর পাওয়া গেছে।
সোমবার সকাল ১০টার দিকে বিসিক শিল্পনগরীর ফকির অ্যাপারেলস লিমিটেডের ডাইং কারখানার নিটিং সেকশনে এ ঘটনা ঘটে বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধ ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের ফখরুদ্দিন বলেন, কারখানাটিতে আগুন লাগলে ধোঁয়া ও হুড়োহুড়ি করে বের হওয়ার সময় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, সকালে এই পোশাক কারখানাটির আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের একটি গাড়ি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়ির চালক, একজন পথচারী ও একজন রিকশাচালক মারা যান। আহত হন আরও ছয়জন।
আগুনে ঘটনায় আহত শ্রমিকরা জানান, সকাল ৯টার দিকে নাশতার জন্য সময় দেওয়া হলে অধিকাংশ শ্রমিক কারখানার বাইরে যান। ১০টার দিকে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। কারখানার নিটিং সেকশনে আগুন দেখা যায়। শ্রমিকরা আগুন নেভাতে গেলে ধোঁয়া এবং লোহা ও কাঁচ গায়ে পড়ে তারা আহত হয়েছেন।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক নাজমুল হাসান বিপুল বলেন, “আগুনের ঘটনায় ২৬ জনকে হাসপাতালে আনা হয়। তারা গুরুতর আহত বা দগ্ধ হননি। তাদের বেশিরভাগই ধোঁয়ার কারণে অসুস্থ হয়েছেন।
“একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাকিদের অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে।”
আগুনের ঘটনায় আহত ৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান আবাসিক চিকিৎসা শেখ ফরহাদ।
এদিকে আগুনের ঘটনার পর পোশাক কারখানাটিতে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হন বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ জানান।
