সিরাজগঞ্জে টিসিবি পণ্য ‘পাচারের চেষ্টা’, তদন্ত কমিটি গঠন
তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সিরাজগঞ্জের সদর উপজেলায় পাচারচেষ্টার অভিযোগে টিসিবি পণ্যসহ পিকআপ আটকের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের নির্দেশে তিন সদস্যের এ কমিটি গঠিত হয়েছে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্তমর্কা (ইউএনও) মাশুকাতে রাব্বি।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাকিবুল হাসানের নেতৃত্বে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা ও সদর থানার ওসি হুমায়ুন কবির।
ইউএনও বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এ কমিটি গঠিত হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার রাতে বাগবাটি ইউনিয়ন পরিষদ থেকে পাচারের সময় টিসিবি পণ্যসহ পিক-আপ আটক করেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আটক করা মালামাল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের জিম্মায় রাখে।
এ সময় ৬৩টি টিসিবি কার্ডের (প্রতিটি কার্ডের জন্য বরাদ্দ সয়াবিন তেল ২ কেজি, চিনি ১ কেজি, ডাল ২ কেজি ও ছোলা ১ কেজি) পণ্য আটক করা হয়।
আরও পড়ুন
