ফেনীতে মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন
“আমি ১৯৭১ সালে এক নম্বর সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলামের অধীনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করি।”
ফেনীতে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি, গেজেটে অন্তর্ভূক্তি এবং সনদপত্রের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যক্তি।
চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারায় মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠেনি বলেও এসময় অভিযোগ করেন তিনি।
বুধবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন জামাল উদ্দিন ভূঁঞা (৬৮)।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেসময় আমি এক নম্বর সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলামের অধীনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করি। স্বাধীনতা পরবর্তী সময়ে অজ্ঞতার কারণে মুক্তিযোদ্ধা গেজেট ও মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভূক্ত করতে পারি নাই। পরবর্তীতে আমি মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা তালিকা ও গেজেটে অন্তর্ভূক্তিসহ সনদপত্র পাওয়ার জন্য আবেদন করি।
“আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ১ নভেম্বর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রত্যয়নপত্র ও পাঁচজন সহযোগী মুক্তিযোদ্ধার প্রত্যয়নপত্র সংযুক্ত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আবেদন করি। কিন্তু আমার সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একই এলাকার পাঁচজন তালিকায় অন্তর্ভূক্ত হলেও অজ্ঞাত কারণে আমি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাইনি।”
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আবেদনের পর তদন্তের সময় তৎকালীন কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মুক্তিযোদ্ধার তালিকায় নাম তুলতে তিন লাখ টাকা দাবি করে। আমার মতো দরিদ্র কৃষকের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না হওয়ার তালিকায় নাম ওঠেনি।”
মুক্তিযোদ্ধা হয়েও স্বীকৃতি না পাওয়ায় সংবাদ সম্মেলন করতে হচ্ছে বলে উল্লেখ করেন জামাল উদ্দিন।
তিনি বলেন, “গণমাধ্যমের সাহায্যে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় ও গেজেটে অন্তর্ভূক্তিসহ সনদপত্র দেওয়ার জন্য সরকার ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সরকার যেন দ্রুত আমাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়, এটা যেন মৃত্যুর আগে দেখে যেতে পারি সেটাই চাওয়া।”
সংবাদ সম্মেলনে জামাল উদ্দিন ভূঁঞার মেয়ে মোর্শেদা খানম, ভাগিনা ফখরুল ইসলাম সাজ্জাদসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
