ছাত্রলীগের বিরুদ্ধে পিরোজপুরে বিএনপির নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ
বিএনপি ও ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে বাক-বিতণ্ডা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
পিরোজপুরে বিএনপির অবস্থান কর্মসূচিতে নেতা-কর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা ও ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।
তিনি অভিযোগ বলেন, “সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচির আগে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালায়।
“এতে যুবদল ও ছাত্রদলের চারজন নেতা আহত হয়। এ ছাড়া ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সোহেল মঞ্জুর সুমনের ওপর হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করা হয়।”
তবে আহতদের নাম-পরিচয় জানায়নি বিএনপি।
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল বলেন, “জাটকা সংরক্ষণ সপ্তাহ কর্মসূচি পালন শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের প্রবেশের সময় পোস্ট অফিস সড়কে এলে বিএনপি-ছাত্রদলের লোকজন সড়ক অবরোধ করে রাখে।
“এ সময় মানুষের চলাচলে সমস্যার হওয়ায় বিএনপির নেতা-কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। গাড়ি ভাঙচুরের বিষয়ে কিছুই জানি না।”
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, “স্থানীয় বিএনপি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে বাক-বিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় কে বা কারা ইট ছুড়ে একটি গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
