ঝালকাঠিতে মৎস্য বিভাগের দলের ওপর হামলা, কান ধরে ওঠবসের অভিযোগ
রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে না আসার হুমকিও দেওয়া হয়েছে।
ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে ইলিশ রক্ষার অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তাসহ সাতজনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়া এলাকার নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক।
হামলায় মৎস্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে আহত হন। আহত অন্যরা হলেন- আনসার ও ভিডিপির হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সেলিম মিয়া, নৌযানের মাঝি মো. রেজাউল করিম, চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা। তারা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জেলা মৎস্য বিভাগ জানায়, সোমবার রাত সাড়ে তিনটার দিকে স্পিডবোট ও ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু হয়। নলছিটি এলাকায় অভিযান শেষে ফেরার পথে কুমারখালীর জাঙ্গালিয়া এলাকায় তাদের পথ আটকে দেওয়া হয়। পরে ১২টি ইঞ্জিনচালিত নৌকা থেকে রামদা ও লাঠি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে ফিরছিল। এ সময় দলের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে সাতজন আহত হয়েছেন।
তিনি বলেন, হামলাকারীরা নৌযানের চালক ও মাঝিকে মারধর করেন। রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে না আসার হুমকিও দেন। এ সময় মাঝিদের কান ধরে ওঠবস করানো হয়, যাতে তারা পরে আর অভিযানে সহযোগিতা না করেন।
এনামুল হক বলেন, এ ঘটনা জেলা প্রশাসন ও পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
