২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার কথা ছিল ইসমাইলের, চলছিল বিয়ের প্রস্তুতি

এ দুর্ঘটনায় ফেনী জেলার পাঁচজন নিহত ছাড়াও দুজন আহত হয়েছেন। 

দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার কথা ছিল ইসমাইলের, চলছিল বিয়ের প্রস্তুতি

দক্ষিণ অফ্রিকায় সড়কে নিহত ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের শরীয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2023, 09:10 PM

Updated : 24 Feb 2023, 10:52 PM

দক্ষিণ অফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের বাড়িই ফেনীতে; মর্মান্তিক এ খবর পাওয়ার পর পরিবারগুলোতে চলছে শোকের মাতম। 

নিহতদের মধ্যে ইসমাইল হোসেন (৩৮) সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের শরীয়ত উল্লাহর ছেলে। তিনি ১১ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন।

শরীয়ত উল্লাহ শুক্রবার বিকালে সাংবাদিকদের বলেন, “দুই মাস পরে আমার ছেলের দেশে আসার কথা ছিল। পরিবারের সবাই সেই অপেক্ষাতেই ছিলাম। দেশে ফিরলে তাকে বিয়ে করাব। তার জন্য পাত্রী দেখা হয়েছিল। তার বিয়ের প্রস্তুতি চলছিল।”

“সড়ক দুর্ঘটনায় আমার ছেলে মারা গেছে। পরিবার ভেঙে পড়েছে। বাড়ির লোকজন সবাই বার বার মূর্ছা যাচ্ছে। ছেলের লাশটা যেন দেশে আনা হয় সেজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি আমরা। ছেলের মুখটা দেখতে চাই।”

ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, “দক্ষিণ অফ্রিকায় সড়কে যে পাঁচজন নিহত হয়েছেন তারা সবাই ফেনী জেলার। বিরুলি গ্রামের নিহত ইসমাইল হোসেনের বাড়িতে স্বজনদের সান্ত্বনা দিতে রাতে আমরা যাব।”

এরই মধ্যে ইসমাইল হোসেনের পরিবারের সঙ্গে যোগযোগ করা হয়েছে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন পাটোয়ারী।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেপটাউন বিমানবন্দরের দিকে যাওয়ার পথে তারা এই দুর্ঘটনায় পড়েছেন বলে আমরা শুনেছি। লরির সঙ্গে তাদের বহনকারী কারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে।”

Image

দক্ষিণ আফ্রিকায় নিহত (বা থেকে) রাজু আহমেদ, মোস্তফা কামাল, নাদিম হোসেন ও আবুল হোসেন।

এ সময় ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও দুজন আহত হয় বলে ফেনী জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান। নিহতদের মধ্যে একজন শিশু আছে। হতাহতদের পরিবার বলছে, শুক্রবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অন্য চারজন হলেন- দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের মো. মোস্তফা কামাল (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের আবুল হোসেন (৩৫) এবং ছেলে নাদিম হোসেন (১০)।

আহতরা হলেন- দাগনভূঞা উপজেলার আনিসুল হক মিলন (৩৮) এবং গোপালগঞ্জ জেলার নাহিদ আহমেদ (৩৫)। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাগনভূঞার ইউএনও নাহিদা আক্তার তানিয়া বলেন, “উপজেলার রাজু আহমেদ ও মো. মোস্তফা নিহত হয়েছেন। তাদের পরিবার সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। দুজন নিহত ছাড়াও উপজেলার আরও একজন আহত হয়েছেন।”

সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হোসেন বলেন, “আবুল হোসেন দীর্ঘদিন ধরে সাউথ আফ্রিকা বসবাস করতেন এবং তিনি গাড়িচালক হিসেবে কাজ করতেন।

“আবুল হোসেন ১১ বছর আগে দক্ষিণ আফ্রিকার এক কৃষ্ণাঙ্গ নারীকে বিয়ে করেন। তাদের ছেলে নাদিম হোসেনও মারা গেছেন।”

ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহতদের পরিবারের খোঁজ-খবর নেওয়া হচ্ছে। রাতে আমরা ইসমাইলের পরিবারের সঙ্গে দেখা করতে যাব।”

পুরনো খবর:

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত