ইন্টারপোলের সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি
সম্প্রতি ‘ক্রসফায়ার’ নিয়ে এক মন্তব্যে তিনি তুমুল সমালোচনার মুখে পড়েন।
‘ক্রসফায়ার’ নিয়ে মন্তব্যের জেরে বিতর্কে থাকা পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির ইন্টারপোলের এক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন।
রোববার সকালে শাহজালাল বিমানবন্দর থেকে তিনি ফ্রান্সের পথ ধরেন বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আগামী ৩ থেকে ৫ নভেম্বর ইন্টারপোলের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে গ্লোবাল বায়োসিকিউরিটি সম্মেলন। এ সম্মেলনের আয়োজক বায়োটেররিজম প্রতিরোধ ইউনিট।
পুলিশ সদর দপ্তর বলেছে, তিনদিনের এ সম্মেলনে বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধির পাশাপাশি জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা অংশ নেবেন। সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতে বায়োসিকিউরিটি হুমকির পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভ্যাব্য হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা করা হবে।
সম্মেলন শেষে আগামী ৭ নভেম্বর দেশে ফিরবেন পুলিশ প্রধান আলী হোসেন ফকির।
গত ২৬ অক্টোবর ঢাকার এক অনুষ্ঠানে তিনি বলেন, অপরাধ দমনে সরকার অনুমতি দিলে পুলিশ ‘ক্রসফায়ার’ও করবে।
এ নিয়ে তুমুল সমালোচনা দেখা দিলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছিলেন, জাপান সফররত সরকারপ্রধান দেশে ফিরলে আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান চারদিনের টোকিও সফর শেষে শুক্রবার ভোররাতে দেশে ফেরেন।
