২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ঢাকামুখী বাসের সঙ্গে মধুপুরমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

টাঙ্গাইলের ধনবাড়ীতে দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাস।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 02:12 PM

Updated : 05 Jul 2023, 02:12 PM

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; এতে আহত হয়েছেন আরও সাতজন।

বুধবার সকালে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস আলী জানান।

নিহতরা হলেন- জামালপুরের সরিষাবাড়ি উপজেলার করগ্রামের প্রয়াত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২) এবং একই উপজেলার ডোয়াইল গ্রামের মজিবর রহমানের ছেলে অটোরিকশা চালক ওয়াজেদ আলী (৪০)।

স্থানীয়দের বরাতে ইদ্রিস আলী জানান, সকাল ৭টার দিকে ঢাকামুখী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মধুপুরমুখী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজন মারা যান। আহত হন বাস ও অটোরিকশার আরও ৭ যাত্রী।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল আমিন বলেন, আহতদের হাসপাতালে আনা হলে তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিববারের কাছে হস্তান্তর করেছে।

পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে বাস চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।