২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ কমিউটারের লাইনচ্যুত ইঞ্জিন পৌনে ৩ ঘণ্টা পর উদ্ধার

সিগন্যাল ছাড়াই ইঞ্জিন পরিবর্তন করতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানান, জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 11:37 AM

Updated : 17 Jan 2024, 01:31 PM

জয়দেবপুরে তুরাগ কমিউটার ট্রেন থেকে খুলে দিক পরিবর্তনের সময় লাইনচ্যুত ইঞ্জিন পৌনে ৩ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় লাইনচ্যুত হওয়া পর বেলা পৌনে ১১টার দিকে ইঞ্জিনটি উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট স্টেশনের মাস্টার মো. হানিফ আলী জানান।

তিনি আরও জানান, সকালে ট্রেনটি ঢাকা থেকে যাত্রী নিয়ে গাজীপুর আসে। পরে জয়দেবপুর জংশন থেকে আবার ঢাকায় যাওয়ার জন্য ইঞ্জিন খুলে ট্রেনটির সামনে নেওয়া হচ্ছিল। এ সময় জংশন এলাকায় ৪ নম্বর লাইনে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ঢাকা যাত্রা বাতিল হয়ে যায়।

ওই ট্রেনযোগে ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষমান যাত্রীরা অন্য ট্রেনে যান।

জংশন এলাকায় একাধিক লাইন থাকায় অন্য ট্রেনের চলাচল বিঘ্নিত হচ্ছে না জানিয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, “এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কোনো সিগন্যাল ছাড়াই ইঞ্জিন পরিবর্তন করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে।”