২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেমিনই স্ত্রী-সন্তানের ‘খুনি’, ধারণা পুলিশের

এর আগে জেমিন দাবি করেছিলেন, শিশুকন্যাকে বালতির ভিতরে মৃত অবস্থায় পেয়ে রাগের মাথায় তিনি স্ত্রীকে হত্যা করেন।

জেমিনই স্ত্রী-সন্তানের ‘খুনি’, ধারণা পুলিশের

কক্সবাজার জেলা পুলিশ শনিবার ভোরে চট্টগ্রামের বাকলিয়ার আমানত শাহ সেতু সংলগ্ন এলাকা থেকে জেমিন বিশ্বাসকে গ্রেপ্তার করে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2023, 07:43 PM

Updated : 19 Feb 2023, 04:58 PM

‘সন্দেহের বশে’ কক্সবাজার শহরের আবাসিক হোটেলে স্ত্রী ও কন্যাশিশুকে হত্যা করে জেমিন বিশ্বাস পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।

শনিবার বিকাল ৫টায় কক্সবাজার সদর থানায় আয়েজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, “জেমিন বিশ্বাস তার স্ত্রীকে সন্দেহ করতেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল, অশান্তি ছিল। এ ছাড়া আট মাস বয়সী ছোট মেয়ের পিতৃত্ব নিয়েও সন্দেহ ছিল তার। এ কারণে তিনি স্ত্রী ও সন্তানকে হত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।”

শুক্রবার দুপুরে হোটেল সি আলিফ থেকে সুমা দেব ও তার মেয়ের মরদেহ উদ্ধারের পর শনিবার ভোরে চট্টগ্রামের শাহ আমানত সেতু থেকে জেমিন বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। তখন পুলিশের কাছে জেমিন দাবি করেছিলেন, আট মাসের মেয়েকে বালতির ভিতরে মৃত অবস্থায় পেয়ে রাগের মাথায় স্ত্রীকে হত্যা করেন। পরে অন্য দুই মেয়েকে নিয়ে তিনি পালিয়ে যান।

গ্রেপ্তারের পর তাকে নিয়ে কক্সবাজার আসেন পুলিশের কর্মকর্তারা। এবং তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে এই সংবাদ সম্মেলন করা হয়।

জেমিন বিশ্বাস (৪০) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বেলগাঁওয়ের বাণীগ্রামের দুলাল বিশ্বাসের ছেলে। ২০০৯ সালে পারিবারিকভাবে উপজেলার নাথপুরা এলাকার শচীন্দ্র দেবের মেয়ে সোমা দেবকে (৩৬) বিয়ে করেন। তাদের তিন মেয়ে- দীপান্বিতা বিশ্বাস (১১), জিতু বিশ্বাস (০৮) এবং অনামিকা (আট মাস)।

জেমিন আগে চট্টগ্রামের আজিম গ্রুপের তৈরি পোশাক কারাখানায় কাজ করতেন। তিন মাস আগে তিনি ওমানে চলে যান। কিন্তু ৫ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরে আসেন। তার আবার বিদেশ যাওয়ার কথা ছিল।

এর মধ্যেই জেমিন ও সুমা দম্পতি তিন সন্তানকে নিয়ে মঙ্গলবার সকালে কক্সবাজার বেড়াতে এসে সাগরপাড়ের আবাসিক হোটেল সি আলিফে উঠেন। শুক্রবার সেখান থেকেই মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়।

হোটেলের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে জেমিন বিশ্বাস তার দুই মেয়েকে নিয়ে কক্ষ থেকে বের হয়ে যান। দুই মেয়েকে হোটেলের লবিতে রেখে সাড়ে ১০টার দিকে তিনি আবার ঘরে ফিরে আসেন। সাত-আট মিনিট পর তিনি একটা তোয়ালে নিয়ে কক্ষ থেকে বের হন এবং দুই মেয়েকে নিয়ে হোটেল থেকে বের হয়ে যান। এরপর তিনি আর হোটেলে ফিরে আসেননি। 

“দুপুর ১২টায় তাদের হোটেল থেকে চেক আউট করার কথা ছিল। কিন্তু দেরি হওয়ায় হোটেল কর্তৃপক্ষ চেক করে দেখে দরজা বন্ধ। সাড়ে ১২টার দিকে কক্ষের মাস্টার চাবি দিয়ে দরজা খুলে মেঝেতে সুমা দেব ও বিছানায় কন্যাসন্তানের মৃত দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়।”

জেমিন পূর্বপরিকল্পিতভাবে স্ত্রী ও কন্যাকে হত্যা করে উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ওমান থেকে দেশে ফিরে জেমিন ৭ ফেব্রুয়ারি কক্সবাজার এসেছিলেন। ২৩ ফেব্রুয়ারি তার আবার বিদেশ যাওয়ার কথা ছিল।

তিনি আরও বলেন, “জেমিন তার স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা এবং কন্যাসন্তানকে বালতির পানিতে ডুবিয়ে হত্যা করে। লাশগুলো হোটেল হইতে সরানোর চেষ্টা করে তিনি ব্যর্থ হন। পরে কক্ষে রেখেই পালিয়ে যান।”

কক্সবাজার জেলা পুলিশ শনিবার ভোরে বাকলিয়ার আমানত শাহ সেতু সংলগ্ন মার্শা পরিবহন সার্ভিসের কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

পুরনো খবর:

হোটেলে মা-মেয়ের লাশ: মেয়েকে মৃত পেয়ে রাগের মাথায় স্ত্রীকে হত্যার দাবি স্বামীর
কক্সবাজারের হোটেলে মা-মেয়ের মরদেহ