২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গোপন কক্ষে ভোটারের সঙ্গে প্রার্থীর এজেন্ট

সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আবু তাহের বলেন, “তাকে নিষেধ করার পরও জোর করে গোপন কক্ষে গেছেন।”

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 04:14 PM

Updated : 07 Jan 2024, 04:14 PM

নারায়ণগঞ্জ-১ আসনের একটি কেন্দ্রে ভোট প্রদানের গোপন কক্ষে ভোটারের সঙ্গে এক প্রার্থীর নারী এজেন্টকে দেখা গেছে৷

রোববার সকালে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আল আরাফাহ ইসলামিয়া আলিম মাদরাসার ১২৬ নম্বর কেন্দ্রে এ চিত্র দেখা যায়৷ ওই সময় এক নারী গোপন কক্ষে নিজের ভোট দিচ্ছিলেন৷

গোপন কক্ষে ভোটারের সঙ্গে থাকা ওই নারী নিজের নাম কুলছুম আক্তার বলে জানান৷ এ আসনে আলমিরা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের পোলিং এজেন্টের ব্যাজ ধারণ করা ছিলেন তিনি৷ পাশের ভোটকক্ষে তিনি পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন৷

জানতে চাইলে কুলছুম আক্তার দাবি করেন, ভোটার নারী তার সম্পর্কে খালা হন৷ তার চোখের সমস্যা থাকায় তিনি ভোট দিতে সহযোগিতা করেছেন৷

এ প্রসঙ্গে জানতে চাইলে ওই ভোটকক্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা আবু তাহের বলেন, “তাকে নিষেধ করার পরও জোর করে গোপন কক্ষে গেছেন৷ কিন্তু তিনি যে প্রার্থীর এজেন্ট তা জানতাম না৷”