২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ

অবস্থার অবনতি হওয়ায় আহত বিএনপি নেতাকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জেলা বিএনপির সদস্যসচিব জানান।

নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ

ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখা যায়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2023, 11:49 PM

Updated : 08 Apr 2023, 11:49 PM

নাটোরে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এ সময় আহত এক নেতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

শনিবার দুপুর ২টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে সামনে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ বলেন, “আমাদের দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা পরিকল্পিতভাবে অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করেছে। হামলায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল হোসেন গুরুতর আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় এখন ঢাকাতে নেওয়া হচ্ছে।”

এ সময় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে একটি মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ করেন বিএনপি নেতা।

এদিকে, দুপুরে নাটোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলাদাভাবে শান্তি সমাবেশ করছে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের সমর্থকেরা।

সংসদ সদস্যের অনুসারী জেলা যুবলীগের সভাপতি এহিয়া চৌধুরীর নেতৃত্বে শান্তি সমাবেশ শেষ হয়। পরে সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের সঞ্চালনায় আবারও শান্তি সমাবেশ হয়।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম মালেক শেখ, সৈয়দ মোর্ত্তজা আলী বক্তব্য দেন।

Image

রাস্তায় একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়।

এ সময় বক্তারা বিএনপির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নাটোরে বিএনপিকে এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না। নাটোরে তারা নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।

হামলার বিষয়ে বিএনপির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু।

তিনি বলেন, “আওয়ামী লীগের কেউ বিএনপি নেতাদের উপর হামলা করেনি। বিএনপির নেতারা কার্যালয়ের গেটে তালা লাগিয়ে ভেতরে বসে ছিল। তারা নিজেরাই কোপাকুপি করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর দোষ দিচ্ছে।” 

নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, “পুলিশ আগে থেকেই আলাইপুর এলাকায় সতর্ক অবস্থান নিয়েছিল। উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করেছে। আমাদের সামনে কেউ আহত হয়নি। অন্য কোথায় বিচ্ছিন্ন ঘটনায় আহত হতে পারে।

নাটোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে বলেও দাবি ওসি নাছিম আহম্মেদের।