‘পূর্ববিরোধের জেরে’ পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পুলিশ জানায়, ব্যবসায়িক কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ইলিয়াস।
‘পূর্ববিরোধের জেরে’ পাবনা সদর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে একদল হামলাকারী।
সোমবার বেলা ১১টার দিকে গয়েশপুর ইউনিয়নের ঘোপাঘাটা পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান।
নিহত ২৮ বছর বয়সি ইলিয়াস জালালপুর নতুন পাড়ার আব্দুল মান্নানের ছেলে। তিনি তাঁত ব্যবসা করতেন।
পরিবারের বরাতে ওসি কৃপা সিন্ধু বলেন, রোববার দুপুরে ইলিয়াস পাবনা শহরে ব্যবসায়িক কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়ি ও মহল্লায় খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পায়নি।
সকালে স্থানীয়রা গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা মোড়ের পাট ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এদিকে খবর পেয়ে ইলিয়াসের স্বজনরা গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের বাবা আব্দুল মান্নান বলেন, “সকালে ঘটনাস্থলে গিয়ে দেখি ইলিয়াসের দুই হাত ও পা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে। আমার ছেলের সঙ্গে কারো কোনও বিরোধ থাকার কথা নয়। তারপরও অন্য কোনও কারণে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করা হয়েছে।“
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ওসি কৃপা সিন্ধু আরও বলেন, “ধারণা করা হচ্ছে রাতের কোনও এক সময় ইলিয়াসকে হত্যা করে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখছি। জড়িতদের দ্রুত শনাক্তের চেষ্টা চলছে।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
