২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে লাঙ্গলের কর্মীদের ওপর হামলা, আহত ১৪

নৌকার সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী জাহিদ হাসান।

লালমনিরহাটে লাঙ্গলের কর্মীদের ওপর হামলা, আহত ১৪

লালমনিরহাটে হামলায় আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 06:40 PM

Updated : 27 Dec 2023, 08:42 PM

লালমনিরহাট-৩ আসনে জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এতে ১৪ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে লালমনিরহাট শহরের আলোরুপা মোড়ে জাতীয় পার্টির জেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন লালমনিরহাট-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী মতিয়ার রহমানের সমর্থক পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন।

আহতরা হলেন- লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, পৌর ছাত্র সমাজের মেহেদি, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি রাকিব, জেলা কমিটির সদস্য রবিউল, রাশেদুল, সদস্য ফরিদুল, আল-আমিন, মুরাদ, অন্তর, সাগর, শামছুল ইসলাম শাহিন ও মাসুদ।

জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পাওয়া মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে নৌকার প্রার্থী মতিয়ার রহমান মতবিনিময় করেন। বিষয়টি নির্বাচন অনুসন্ধান কমিটিকে অবগত করেন জাতীয় পার্টির প্রার্থী জাহিদ হাসান।

পরে তিনি স্শরীরে বিষয়টি দেখতে জেলা পরিষদ অডিটরিয়ামে যান। সেখানে তাকে প্রথমে বসতে দেওয়া হলেও পরে গালমন্দ করা হয়। এক পর্যায়ে তিনি সেখান থেকে নিজ কার্যালয়ে ফিরে যান।

পরে জাহিদ হাসান কার্যালয়ে বসে মোবাইল ফোনে তার নেতা-কর্মীদের বিষয়টি অবগত করছিলেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ওই কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

হামলায় আহতদের মধ্যে কয়েকজনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাহিদ হাসান অভিযোগ করে বলেন, “বিষয়টি নির্বাচন অনুসন্ধান কমিটিকে অবগত করে কোনো কাজ না হওয়ায় সভাস্থলে যাই। সেখানে আমাকে লাঞ্ছিত করা হয়। পরে দলীয় কার্যালয়ে চলে আসলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ১৪ জনকে জখম করেন।”

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন ওসি ওমর ফারুক।

পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল বলেন, ‘তারা (জাতীয় পার্টি) দোকানদার-দোকানদারে মারামারি করেছেন। এটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।”