২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশঝাড়ে ঝুলছিল শিক্ষকের লাশ, ঋণের চাপে ‘আত্মহত্যা’ বলছে পুলিশ

ঠাকুরগাঁওয়ের ওই শিক্ষক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানায় পরিবার।

বাঁশঝাড়ে ঝুলছিল শিক্ষকের লাশ, ঋণের চাপে ‘আত্মহত্যা’ বলছে পুলিশ

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2024, 06:25 PM

Updated : 29 Feb 2024, 07:09 PM

ঠাকুরগাঁও সদরে বাড়ির পাশের বাঁশঝাড়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক প্রধান শিক্ষককের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঋণের চাপ সইতে না পেরে তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলছে পুলিশ।

বুধবার রাত ১টার দিকে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার ওসি দুলাল হোসেন জানান।

মৃত রবীন্দ্র দেবনাথ (৫৫) সদর উপজেলার চরণখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

স্কুল শিক্ষক রবীন্দ্র দেবনাথের ছোট ভাই কৃষ্ণ চন্দ্র দেবনাথ বলেন, “বুধবার বিকালে দাদা স্থানীয় একটি বাজারে যান। রাত ১০টার দিকে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে দাদাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা।

“দাদা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়েছিলেন। সেগুলো পরিশোধে ব্যর্থ হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন; সে কারণে হয়ত আত্মহত্যা করেছেন। তার মৃত্যু পরিবারের কোনো অভিযোগ নেই।”

স্থানীয়দের বরাতে ওসি দুলাল হোসেন বলেন, বুধবার মধ্যরাতে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ যাওয়ার আগেই পরিবারের সদস্যরা রবীন্দ্র দেবনাথকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি দুলাল হোসেন বলেন, “শিক্ষক রবীন্দ্র দেবনাথের পরিবার থেকে জানানো হয় তিনি ঋণগ্রস্ত ছিলেন। ঋণের চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।”

অভিযোগ না থাকায় স্কুল শিক্ষকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি দুলাল হোসেন।