পদ্মায় জিও ব্যাগ ফেলার কাজ তদারকিতে গিয়ে একজন নিখোঁজ
মানিকগঞ্জের রামকৃষ্ণপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত পদ্মা নদীর পাড় রক্ষার কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান এস কে ইমদাদুল হক অ্যান্ড জামিল ইকবাল কোম্পানি।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর পাড় রক্ষার কাজ চলাকালীন বেসরকারি ডুবুরি দলের এক সদস্য নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার বেলা ১২টার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ছোট বাহাদুরপুর সংলগ্ন নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য জানান।
নিখোঁজ আমান উল্লাহ (২৫) খুলনার রুপসা উপজেলার দেয়াড়া গ্রামের খান রজব আলির ছেলে। তিনি পেশায় একজন প্রকৌশলী।
ওসি সুমন কুমার আদিত্য বলেন, “উপজেলার রামকৃষ্ণপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত চার কিলোমিটার পদ্মা নদীর পাড় রক্ষার কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান এস কে ইমদাদুল হক অ্যান্ড জামিল ইকবাল কোম্পানি। ওই প্রতিষ্ঠানের ডুবুরি দলের সদস্য ও প্রকৌশলী হিসেবে কাজ করেন আমান উল্লাহ।”
তিনি আরও বলেন, “আমান বেলা সাড়ে ১১টার দিকে নিয়মানুযায়ী নদীতে জিও ব্যাগ ফেলা হয়েছে কিনা তা দেখার জন্য অক্সিজেন মাস্ক এবং ডুবুরির যাবতীয় সরঞ্জামসহ আরেক ডুবুরি মীর সাজ্জাদ হোসেনকে নিয়ে পানিতে নামেন।
“১৫ মিনিট পর আমান উল্লাহ ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করেন। পাড়ে থাকা আরেক ডুবুরি জাহিদ তাকে উদ্ধার করার জন্য পানিতে নামেন। এর মধ্যেই আমান পানিতে তলিয়ে যান।”
ওসি আরও বলেন, এ সময় মীর সাজ্জাদ পানির নিচেই ছিলেন। পরে উঠে এসে উদ্ধার অভিযানে কাজ করছেন।
বিকাল ৫টা পর্যন্ত আমানের সন্ধান মেলেনি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
